প্রখ্যাত শিক্ষাবিদ, বিজ্ঞান গবেষক আব্দুল্লাহ আল-মুতী শরফুদ্দিনের ২২তম মৃত্যু বার্ষিকী আজ
১৯ এপ্রিল, ২০২৬ ০৪:৫৩ পূর্বাহ্ন

  

প্রখ্যাত শিক্ষাবিদ, বিজ্ঞান গবেষক আব্দুল্লাহ আল-মুতী শরফুদ্দিনের ২২তম মৃত্যু বার্ষিকী আজ

করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
৩০-১১-২০২০ ০৮:৪৪ পূর্বাহ্ন
প্রখ্যাত শিক্ষাবিদ, বিজ্ঞান গবেষক আব্দুল্লাহ আল-মুতী শরফুদ্দিনের ২২তম মৃত্যু বার্ষিকী আজ
আবদুল্লাহ আল-মুতী শরফুদ্দিন বাংলাদেশের একজন প্রখ্যাত শিক্ষাবিদ ও বিজ্ঞান গবেষক। তিনি ১৯৩০ সালের ১লা জানুয়ারি সিরাজগঞ্জ জেলার ফুলবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি আবদুল্লাহ আল-মুতী নামেই সমধিক পরিচিত। তার পিতা শেখ মইন শরফুদ্দিন এবং মা হালিমা শরফুদ্দিন। বাংলাদেশের বিজ্ঞান লেখকদের মধ্যে তিনিই একমাত্র যিনি ইউনেস্কো কলিঙ্গ পুরস্কার লাভ করেন।
 
১৯৪৫ সালে ঢাকার মুসলিম হাই স্কুল থেকে তিনি ম্যাট্রিকুলেশন (এখনকার এসএসসি পরীক্ষা) পরীক্ষায় কলকাতা বোর্ডে ২য় স্থান লাভ করেন। ১৯৪৭ সালে ১১ তম স্থান নিয়ে সাফল্যের সঙ্গে আই এ পাশ করেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ১৯৫২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি পদার্থবিজ্ঞানে বিএসসি(অনার্স) ডিগ্রি অর্জন এবং প্রথম শ্রেণিতে প্রথম হয়ে তিনি মাস্টার্স ডিগ্রি লাভ করেন। । এরপর বৃত্তি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে যান এবং সেখানে শিক্ষাবিষয়ে পড়াশুনা করেন শিকাগো বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে ১৯৬০ সালে এমএ ডিগ্রি এবং ১৯৬২ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
 
যৌবনে বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন আবদুল্লাহ আল-মুতী শরফুদ্দিন। ১৯৪৮ ও ১৯৫৪ সালে পাকিস্তান সরকার কর্তৃক গ্রেফতার হয়েছিলেন। পরে রাজনীতি ছেড়ে দেন।
 
কর্মজীবনে তিনি প্রথম প্রবেশ করেন সরকারী শিক্ষাবিভাগে। ১৯৪৭ সালে মুকুল ফৌজ আন্দোলনে যোগ দিয়ে পরবর্তী বছরে মুকুল নামে কিশোর পাক্ষিক পত্রিকা বের করেন। কেন্দ্রীয় কচি কাচার মেলা -এর অন্যতম প্রতিষ্ঠাতা। ইত্তেফাক, আজাদ, মোহাম্মদী পত্রিকার নিয়মিত লেখক ছিলেন। ,জাতীয় শিশু-কিশোর সংস্থা সহ নানা সংঠনের উপদেষ্টা ছিলেন। ১৯৫৪ সালে রাজশাহী সরকারী কলেজে পদার্থবিজ্ঞানের প্রভাষক হিসেবে যোগ দেন এবং ছয়মাস পরেই অধ্যাপক হন। সেখান থেকে ঢাকার টিচার্স ট্রেনিং কলেজে বদলি হন ১৯৫৬ সালে। ছয়বছর পর পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও প্রধান হয়ে চট্টগ্রাম সরকারি কলেজে চলে যান । ১৯৭৫ সালে শিক্ষা মন্ত্রণালয়ে যুগ্মসচিব হিসেবে যোগ দেন। তারপর শিক্ষা প্রশাসন ও সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে গুরু দায়িত্ব পালন করেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব পদ থেকে অবসর গ্রহণ করেন ১৯৮৬ সালে। তার প্রকাশিত বিজ্ঞান ও শিক্ষা বিষয়ক মৌলিক গ্রন্থের সংখ্যা ২৭, অনুদিত গ্রন্থের সংখ্যা ১০, সম্পাদিত গ্রন্থের সংখ্যা ১০। এছাড়াও কিছু পান্ডুলিপি রয়েছে, যার অনেক গুলো এখনও অপ্রকাশিত। রেডিও এবং টিভিতে তাঁর উপস্থাপিত অনুষ্ঠান বিশেষভাবে জনপ্রিয় হয়েছিল।
 
আবদুল্লাহ আল-মুতী জাতীয় পর্যায়ে শিক্ষা সংস্কার ও আধুনিকরণের কর্মকান্ডে তিনি প্রত্যক্ষভাবে যুক্ত থেকে উজ্জ্বল অবদান রেখে গেছেন। তিনি জাতীয় শিশু-কিশোর সংস্থা সহ নানা সংঠনের উপদেষ্টা ছিলেন। ১৯৮৮-৯০ সাল পর্যন্ত সভাপতি হিসেবে এশিয়েটিক সোসাইটি অব বাংলাদেশের দায়িত্ব পালন করেছেন এবং ১৯৮৬-৯০ পর্যন্ত বাংলা একাডেমী ও বিজ্ঞান শিক্ষা সমিতির সভাপতি ছিলেন। তিনি আরো যেসব দায়িত্ব পালন করেছেন সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- প্রধান উপদেষ্টা, প্রথম ঢাকা মহাকাশ উৎসব "বেক্সিমকো স্পেসফেস্ট ১৯৯৬', চেয়ারম্যান, বাংলাদেশ অ্যাস্ট্রনমিক্যাল অ্যাসোসিয়েশনের দশম বর্ষপূর্তি উদযাপন কমিটি (১৯৯৮), উপদেষ্টা, দ্বিতীয় ঢাকা মহাকাশ উৎসব স্পেসফেস্ট ১৯৯৯। প্রধান উপদেষ্টা, ঢাকা প্রস্তাবিত স্পেস সেন্টার, উপদেষ্টা, মেঘনাদ সাহা বিজ্ঞান তথ্যকেন্দ্র ও গ্রন্থাগার (১৯৯৭-৯৯)। এসব গুরুদায়িত্ব পালনের পাশাপাশি প্রচুর লেখালেখি করেছেন আবদুল্লাহ আল-মুতী শরফুদ্দিন। তিনি লেখালেখি শুরু করেন ছাত্রজীবন থেকেই। বিজ্ঞানের জটিল, সূক্ষ বিষয়কে সহজ ভাষায় সর্বজনবোধ্য করে তোলার জন্য তার দক্ষতা ও সাফল্য ছিল তুলনাহীন। তিনি বড়দের জন্যে লিখেছেন বিজ্ঞান ও মানুষ (১৯৭৫), শিক্ষা ও অন্যান্য প্রসঙ্গ (১৯৭৫), এ যুগের বিজ্ঞান (১৯৮১), বিচিত্র বিজ্ঞান (১৯৮৫), বিপন্ন পরিবেশ (১৯৮৫), প্রাণলোকঃ নতুন দিগন্ত (১৯৮৬), বিজ্ঞানের বিস্ময় (১৯৮৬)। অনুবাদ ও সম্পাদনা করলেন কিছু। আর ছোটদের জন্যে লিখেছেনঃ জানা-অজানার দেশ (১৯৭৬), সাগরের রহস্যপুরী (১৯৭৬), আয় বৃষ্টি ঝেঁপে (১৯৮০), মেঘ বৃষ্টি রোদ(১৯৮১), ফুলের জন্য ভালোবাসা (১৯৮২), সোনার এই দেশ (১৯৮৩), তারার দেশের হাতছানি (১৯৮৪), ছবিতে আমাদের পরিবেশ (প্রথম ভাগ ১৯৮৭, দ্বিতীয় ভাগ ১৯৯০), টেলিভিশনের কথা (১৯৮৭), কীটপতঙ্গের বিচিত্র জগৎ (১৯৮৮), বিজ্ঞান এগিয়ে চলে (১৯৯১), চোখ মেলে দেব (১৯৯২), ফারিয়া নাদিয়ার মজার সফর (১৯৯৬), আকাশ অনেক বড় (১৯৯৮)। এছাড়াও তিনি আরও অনেক বই লিখেছেন।
 
মানুষের জন্য ভালোবাসা তাঁর জীবনে সাফল্যে চরম উৎকর্ষ সাধনের সহায়ক। ছোটদের জন্য উজাড় করা স্নেহ। তুখোড় বক্তা, ধৈর্যশীল শ্রোতা ড. শরফুদ্দীনের তুলনা হয় না। নিখুঁত পাঠাভ্যাস আর কঠোর পরিশ্রমী ছিলেন তিনি। অকারণ সময় অপচয় ছিল তার নীতিবিরুদ্ধ। মানুষকে সম্মান জানানো ছিল তার বৈশিষ্ট্য। সম্মান প্রদর্শনে পদমর্যাদা তার কাছে আদৌ বিচার্য ছিল না। বিজ্ঞান লেখক, বিজ্ঞান কর্মী এবং সরকারি কর্মকর্তা আবদুল্লাহ আল-মুতী শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য অঙ্গনে অজস্র সংগঠন প্রতিষ্টানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য তিনি বহু পুরস্কার ও্ সম্মাননা লাভ করেছেনঃ তিনি পেয়েছেন বাংলা একাডেমী পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার, গণশিক্ষামূলক সাহিত্যের ইউনেস্কো পুরস্কার, বিজ্ঞানে শ্রেষ্ঠ কীর্তির জন্য ঋষিজ শিল্পগোষ্ঠী পুরস্কার, ইউনেস্কোর আন্তর্জাতিক কলিঙ্গ পুরস্কার। শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য লাভ করেন একুশে পদক এবং বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে অবদানের জন্য পেয়েছেন রাষ্ট্রীয় পুরস্কার স্বাধীনতা পদক। সবশেষে অসুস্থ অবস্থায় পান শিশু একাডেমীর শিশু সাহিত্য পুরস্কার।
 
দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ১৯৯৮ সালের ৩০শে নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন সিরাজগঞ্জের এই কৃতী সন্তান।
 
সিরাজগঞ্জ কন্ঠ পরিবারের পক্ষ থেকে বিজ্ঞান চর্চার অগ্রদূত ড. আবদুল্লাহ আল-মুতী শরফুদ্দিনের ২২তম মৃত্যুবার্ষিকীতে জানাই শ্রদ্ধা ও আত্মার মাগফিরাত কামনা।

করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ৩০-১১-২০২০ ০৮:৪৪ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 768 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com