শিরোনামঃ
দিলীপ গৌর ২৫-১১-২০২০ ০৫:১৫ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নের ঘাটাবাড়ি এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে যমুনায় অবৈধ ভাবে বালু উত্তোলন করা ড্রেজার আগুন দিয়ে পুড়িয়েও রোধ করা যাচ্ছেনা। বছর খানেক পর সেখানে স্থানীয় একটি চক্র আবারো নদী থেকে জোড় করে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে তা আশপাশে বিক্রি শুরু করেছে।
এদিকে হঠাৎ করে নদী থেকে বালু উত্তোলন শুরু করায় নদী তীরবর্তী এলাকা জুড়ে ভাঙ্গন বৃদ্ধি পেয়েছে। এ কারনে স্থানীয়দের মাঝে বেড়েছে ক্ষোভ ও হতাশা। বালু উত্তোলন বন্ধে স্থানীয়রা বাধা দেয়ায় সন্ত্রাসী চক্রটি হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে পদক্ষেপ নিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবার এলাকাবাসী একটি লিখিত অভিযোগ দিয়েছে।
জানা যায়, শাহজাদপুর উপজেলার পুর্বাঞ্চল খুকনী ও জালালপুর ইউনিয়ন যমুনার ভাঙ্গনে এমনিতেই বিপর্যস্ত। গত ৫ বছরে অন্তত কয়েক হাজার ঘর-বাড়ি নদীতে বিলীন হয়েছে। উপরোন্ত অবৈধ ভাবে ড্রেজার লাগিয়ে স্থানীয় একটি সন্ত্রাসী চক্র বালু উত্তোলন করে বিক্রি করায় ভাঙ্গনের মাত্রা আরো বৃদ্ধি পেয়েছে।
এজন্য এই অঞ্চলের মানুষের চরম ক্ষোভ ও অভিযোগের ভিত্তিতে গত বছরের ২৯ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অবৈধ ড্রেজারটি আগুন দিয়ে জ্বালীয়ে দেয়। বর্তমানে আবারো সেই বাঘাবাড়ির মজনু মিয়া, কাজিপুরের একটি ইউনিয়ন পরিষদের সচিব পরিচয় দেয়া শ্রীফলতলার রাজু ও রুপসী গ্রামের কয়েকজন মিলে গত সপ্তাহ খানেক ধরে এই ড্রেজার দিয়ে বালু কাটা শুরু করেছে।
এ কারনে এলাকা জুড়ে নদী তীরে ভাঙ্গন আরো তীব্রতর হচ্ছে। এ ব্যাপারে জরুরী পদক্ষেপ চেয়ে এলাকাবাসীর পক্ষে রুপসী গ্রামের রুবেল ভুঁইয়া শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেছেন। তিনি জানান, অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে এলাকাবাসীর সাথে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার কারনে আমাকে বালু দস্যুরা হামলা করেছে।
আমাকে মারার জন্যও হুমকি দিচ্ছে। এ নিয়ে এলাকাবাসীর সাথে বালু দস্যুদের এখন মুখোমুখী অবস্থা। তাই আমি দ্রæত পদক্ষেপ নিতে ইউএনও’র কাছে লিখিত অভিযোগ দিয়েছি। আশা করছি অতীতের মত বালু দস্যুদের এই অপতৎপরতা বন্ধে উপজেলা প্রশাসর কার্যকরী পদক্ষেপ নেবে।
এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ শামসুজ্জোহা জানান, আমাদের উপজেলার কোথাও অবৈধ ভাবে বালু উত্তোলন করতে দেয়া হবেনা। শুনেছি ঘাটাবাড়িতে ডেজ্রার চালানো হচ্ছে। দ্রুতই কঠোর ব্যবস্থা নেয়া হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com