শাহজাদপুরে ব্যবসায়ীদের সাথে ওসি‘র মতবিনিময়
২৮ এপ্রিল, ২০২৬ ০৯:৪২ অপরাহ্ন

  

শাহজাদপুরে ব্যবসায়ীদের সাথে ওসি‘র মতবিনিময়

দিলীপ গৌর
১২-১১-২০২০ ০৫:৫৫ অপরাহ্ন
শাহজাদপুরে ব্যবসায়ীদের সাথে ওসি‘র মতবিনিময়

শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুর বণিক সমিতির উদ্যোগে নবাগত ওসি শাহিদ মাহমুদ খানের সাথে মতবিনিময় করেছেন সকল ব্যবসায়ী সংগঠনের নেতৃবর্গ। গতকাল ১১ নভেম্বর বুধবার সন্ধ্যায় দ্বারিয়াপুর বণিক সমিতি কার্যালয়ে সমিতির সভাপতি আলহাজ্ব মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী ও থানার ওসি শাহিদ মাহমুদ খান।

ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যাদি তুলে ধরে বক্তব্য রাখেন- আলহাজ্ব আনোয়ার হোসেন, আলহাজ্ব মাসুদ হোসেন খান ও রূপালী ব্যাংক ম্যানেজার (অবঃ) আবু সাঈদ সরকার। বক্তারা শাহজাদপুর ব্যবসায়ী এলাকায় যানজট নিরসনের লক্ষ্যে দিনের বেলায় বালুর গাড়ী, ইটের ট্রাক, মালবাহী ট্রাক, বাসসহ অন্যান্য বড় যানবাহন যেন ঢুকতে না পারে সে ব্যাপারে পদক্ষেপ নিতে ওসি মহোদয়ের কাছে আবেদন করেন।

পাশাপাশি তারা আরও বলেন, হাটের মধ্যে চোর ধরা পড়লে থানাকে অবগত করা মাত্র সেই চোরকে যেন থানা হাজতে নেয়া হয়। কারণ, চোরদের বেশির ভাগই নেশাগ্রস্থ। পাবলিক পিটুনি শুরু করলে মূহুর্তেই তাদের মৃত্যু হতে পারে। শাহজাদপুর কাপড় ব্যবসায়ীদের ব্যবসা নিরাপদ আছে। তবে কিছুটা ক্ষতি করছে নেশাখোর চোর-ছ্যাচোররা।

ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী বলেন, আমি একাধিকবার আইন-শৃঙ্খলা মিটিংয়ে বলেছি, মার্কেট মালিকরা যেন গাড়ী পার্কিং, শৌচাগার এবং গ্রাহকদের অন্যান্য সুবিধার ব্যবস্থা করেন। তাতেও যানজট কমবে। যদিও পৌর এলাকার মধ্যে পৌরসভারই এ দায়িত্ব। ওসি শাহিদ মাহমুদ খান তার বক্তব্যে বলেন, আমি নিজেও জানি যানজটে শাহজাদপুরে চলা কঠিন।

এ ব্যাপারে আমি কঠোর পদক্ষেপ নিতে পারি। তবে, আমাকে সহযোগিতা করতে হবে সর্ব প্রথম পৌরসভাকে। তারপর পর্যায়ক্রমে ব্যবসায়ী মহলের, রিক্সা শ্রমিক-মোটর শ্রমিক-ট্রাক শ্রমিকসহ বিভিন্ন সংগঠনের। ওসি আরও বলেন, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে সর্ব প্রথম প্রাণ দিয়েছেন পুলিশবাহিনী। আমি সেই পুলিশবাহিনীর পক্ষ থেকেই বলছি, আমি আপনাদের সহযোগিতা দিতে প্রস্তুত।

সাথে প্রয়োজন আপনাদেরও সহযোগিতা ও সতর্কতা। যেমন, ব্যাংকে মোটা টাকা উঠাতে গেলে অবশ্যই থানাকে অবহিত করবেন। আমি টাকাসহ আপনাকে বাড়ীতে পৌঁছে দেব। সিএনজি এবং মাইক্রোবাসে উঠতে গাড়ীর নম্বরগুলো মেসেজ করে পরিবারের সদস্যদের এবং থানাকে অবগত করে রাখবেন।

মাদকের ব্যাপারে তিনি বলেন, পাশের দেশ থেকে যেন কোন মাদক বাংলাদেশে ঢুকতে না পারে সেজন্য নৌ-বাহিনী, কোষ্টগার্ড, বিজিবি এবং মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এই চারটি সংস্থাকে মূল দায়িত্ব দেয়া আছে। বর্ডার এলাকার ৫ মাইলের মধ্যে পুলিশের প্রবেশ নিষেধ। অথচ, দেশের মধ্যে মাদক প্রবেশের পর পুলিশ তা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারে না বলে সব দোষ পুলিশের।

দ্বারিয়াপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক রবিন আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় দ্বারিয়াপুর ও মণিরামপুর বণিক সমিতি, বস্ত্র ব্যবসায়ী সমিতি, ফল ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবর্গ উপস্থিত ছিলেন। সভা শেষে বিদেশে চিকিৎসারত স্থানীয় এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


দিলীপ গৌর ১২-১১-২০২০ ০৫:৫৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 333 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com