শিরোনামঃ
দিলীপ গৌর ৩১-১০-২০২০ ০৬:১৪ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি: শাহজাদপুরে এ বছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত দরিদ্র পরিবারের দুইজন মেধাবী শিক্ষার্থীকে নগদ অর্থ উপহার দিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। আজ ৩১ অক্টোবর শনিবার দুপুরে উপজেলার পৌর সদরের শক্তিপুর মহল্লার নূরজাহান ভবনে শিক্ষার্থীদের হাতে এ অর্থ তুলে দেন প্রফেসর মেরিনা জাহান কবিতা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ, মানবাধিকার কর্মী মনিরুল গনি চৌধুরী শুভ্র, সাংবাদিক ফারুক হাসান কাহার প্রমুখ। জানা যায় উপজেলার পোরজনা ইউনিয়নের চরকাদাই গ্রামের ধানকাটা শ্রমিক নাসির উদ্দিনের ছেলে মো. মামুম হোসেন (১৬) বাবার সাথে ধানকাটা শ্রমিকের কাজ করেও এ বছর এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে।
অপরদিকে উপজেলার কৈজুরি ইউনিয়নের পূর্ব চর কৈজুরি গ্রামের মৃত কাঠমিস্ত্রী মোশারফ ব্যাপারীর মেয়ে সাঞ্জিদা আক্তার সম্পা (১৬) মায়ের সাথে অন্যের বাড়িতে ধান সিদ্ধ-শুকানোর কাজ ও টিউশনি করে এ বছর এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। মেধাবী এই দুজন শিক্ষার্থীই ভালো রেজাল্ট করার পরেও দরিদ্র পরিবারের হওয়ায় তাদের পড়াশোনা অনিশ্চিত হয়ে গেছে দারিদ্র্যের কারণে।
তাঁদের এই সংকটের কথা জানতে পেরে মানবিক নেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর আস্থাভাজন প্রফেসর মেরিনা জাহান কবিতা তাদের এ সহায়তা প্রদান করেন। সেই সাথে তাদের ভবিষ্যতে লেখাপড়ার জন্য সামগ্রিক সহযোগিতারও আশ্বাস দেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com