সলঙ্গায় আলুর মুল্য লাগামহীন, মানা হচ্ছে না সরকারি নির্দেশ
সলঙ্গা প্রতিনিধি : কৃষি বিপণন অধিদপ্তর আলুর দাম সর্বোচ্চ ৩০ টাকা কেজি নির্ধারণ করে দিলেও সলঙ্গায় আলুর বাজার লাগামহীন, মানা হচ্ছে না সরকারি নির্দেশনা। সরকারি ভাবে ৩০ টাকা কেজি নির্ধারন করে দিলেও সলঙ্গায় ৪৫ থেকে ৫০ টাকায় প্রতি কেজি আলু খুচরা পর্যায়ে বিক্রির বিষয়টিকে অযৌক্তিক বলেও মন্তব্য করেছে ক্রেতারা।
কৃষি বিপণন অধিদপ্তর সুত্রে বলা হয়েছে, একজন চাষীর প্রতি কেজি আলুর উৎপাদন খরচ হয়েছে ৮ টাকা ৩২ পয়সা। এমতাবস্থায় হিমাগার পর্যায় থেকে প্রতি কেজি আলুর মূল্য ২৩ টাকা, পাইকারি/আড়তের এর মূল্য ২৫ টাকা এবং ভোক্তা পর্যায়ে সর্বোচ্চ খুচরা মূল্য ৩০ টাকা হওয়া বাঞ্ছনীয়। কিন্তু বাজারে দেখা যাচ্ছে যে, প্রতি কেজি আলু খুচরা পর্যায়ে ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা অযৌক্তিক ও কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়। কঠোর মনিটরিং ও নজরদারির প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেয়া হলেও সলঙ্গা থানা সদর,হাটিকুমরুল রোড,নলকা, সাহেবগঞ্জ,ঘুড়কা,ভুইয়াগাতী,দবিরগঞ্জ,হরিণচড়া,মালতিনগর সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বিক্রেতারা ৪৫, ৪৭-৫০ টাকা কেজি দরে আলু বিক্রি করছে। কোন দোকানেই মুল্য তালিকার বালাই নেই। নির্ধারিত মুল্যের চেয়ে বেশী মুল্যে আলু বিক্রির কারন জানতে চাইলে দোকানিরা বলেন, আমরা কিনতে না পারলে বিক্রি করব কিভাবে ?
আমাদের আড়ৎদারদের কাছ থেকে বেশী দরে কিনতে হয়, সেক্ষেত্রে আমাদের বেশী দরে বিক্রি করতে হচ্ছে। তাই ভুক্তভোগী ক্রেতারা আলুর বাজার মুল্য স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী ভাবে বাজার মনিটরিং সহ অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান।