শিরোনামঃ
দিলীপ গৌর ১৫-১০-২০২০ ০৬:৪০ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে ৫ বিদ্রোহী প্রার্থী একাট্টা জোট বাঁধায় নৌকা মার্কার প্রার্থী ভিশন চাপের মধ্যে পড়েছে। বর্তমান ক্ষমতাসীন দলের নৌকা মার্কা প্রতীকে মনোনয়ন পেলেও চেয়ারম্যান পদের এ উপ-নির্বাচনে মোঃ আনোয়ার হোসেন বাবুর বর্তমান অবস্থা তেমন সন্তোষজনক নয়।
ইউনিয়ন পর্যায়ের দলীয় নেতা-কর্মীরাও তাকে বাদ দিয়ে অন্য প্রার্থীর ভোট করছে বলে সরজমিনে গিয়ে জানা গেছে। আগামী ২০ অক্টোবর ২০২০ ইং তারিখের পোরজনা ইউপি চেয়ারম্যান পদের এ উপ-নির্বাচনে বিএনপিসহ মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বদ্বিতা করছেন। আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এবং বিএনপি‘র প্রার্থী ছাড়া বাকী ৫ জনই আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
এলাকা ঘুরে জানা গেছে, বিএনপির ধানের শীষের প্রার্থী রফিকুল হাসান বাবুর প্রচার-প্রচারণায় তেমন উপস্থিতি দেখা যায় নি। কিন্তু, বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীরা ৫ জনই একাট্টা জোট বেঁধে নির্বাচনের মাঠে আছে। আলাদা আলাদাভাবে তারা দলীয় সমর্থক ও নেতাকর্মীদের যার যার মতো নির্বাচনের মাঠে তাদের দলে ভীড়িয়েছে বলে তথ্য পাওয়া গেছে।
এজন্য নৌকা প্রতীকের প্রার্থী কোণঠাসা হয়ে পড়েছে। আর সেই অনুরাগে নৌকা মার্কার প্রার্থী আনোয়ার হোসেন বাবুর সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভালো অবস্থানে থাকা রফিকুল ইসলাম শাহিন (ঘোড়া) ও রফিকুল ইসলাম রওশন (ট্রাক্টর) এদের কর্মীদের নিয়মিত মারপিট ও প্রচার-প্রচারণার মাইক ভাংচুরও করেছে আবার প্রচারণার মাঠ থেকে মাইক কেড়েও নিয়ে গেছে।
এতেই ক্ষান্ত হয়নি, গতকাল ১৪ অক্টোবর বুধবার রাতে কোন একটি হোন্ডা মেকারের দোকান থেকে সরকার দলীয় প্রার্থীর সমর্থকরা ভাঙ্গা হোন্ডা নিয়ে এসে রফিকুল ইসলাম শাহিনের বাড়ীর অদূরে তাতে খড় দিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে তারাই আবার এসে দাবী করে যে নৌকা মার্কার প্রার্থীর প্রচারণার হোন্ডা বহরের ওই হোন্ডাতে আগুন দিয়েছে রফিকুল ইসলাম শাহিনের লোকজন যা সম্পূর্ণই মিথ্যে।
হোন্ডায় আগুন দেয়ার বিষয়ে রফিকুল ইসলাম শাহিন জানান, ‘নির্বাচনে ভরাডুবির বিষয়টি নিশ্চিত হয়ে নৌকা মার্কার প্রার্থী এই আগুন দেয়ার নাটক সাজিয়েছে। তাৎক্ষণিক বিষয়টি আমি প্রশাসনকে অবগত করলে তারা সরজমিনে এসে ঘটনার সত্যতা খুঁজে পায়নি।’ অপরপ্রার্থী রফিকুল ইসলাম রওশন জানান, ‘আমাদের কোন প্রচার-প্রচারণাই করতে দেয় না।
আমার মাইকতো অনেক আগেই কেড়ে নিয়ে গেছে নৌকা মার্কা প্রার্থীর সমর্থকরা। কিন্তু, নির্বাচন বিধি অমান্য করে নৌকা মার্কার প্রার্থী দিবা-রাত্রি প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে।’ স্বতন্ত্র প্রার্থী এ দু‘জনই নির্বাচন যেন সুষ্ঠু হয় প্রশাসনের কাছে এ দাবী জানান।
এ ব্যাপারে নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন বাবুর সাথে মোবাইল ফোনে বার বার যোগাযোগ করলেও তিনি মোবাইল রিসিভ করেন নি। আজ ১৫ অক্টোবর বৃহস্পতিবার শাহজাদপুর উপজেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার জাহাঙ্গীর হোসেন জানান, ‘আমার কাছে অভিযোগ আসা মাত্রই রিটার্নিং অফিসার হিসেবে যেখানে যেভাবে ব্যবস্থা গ্রহণ করা দরকার আমি তা করেছি। পাশাপাশি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য যা যা করা দরকার তা করে যাচ্ছি।’
এদিকে নির্বাচনের আর মাত্র ৪ দিন বাকি থাকলেও ভোটারদের মধ্যে ভোটের আমেজ লক্ষ্য করা যায় নি। তাদের মনে এখনও সন্দেহ সুষ্ঠু ভোট হবে কি না, তাদের ভোট তারা দিতে পারবে কি না।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com