শিরোনামঃ
দিলীপ গৌর ১৩-১০-২০২০ ০৫:৪২ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌ-বন্দরে অবস্থিত বাঘাবাড়ি নৌযান শ্রমিক ফেডারেশন কার্যালয়ে ১৩ অক্টোবর মঙ্গলবার নৌযান শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। খাদ্যভাতা প্রদান ও মেরিন শিপিং ডিজির নানা হয়রানি বন্ধসহ ১১ দফা বাস্তবায়নের দাবীতে বাঘাবাড়ি নৌযান শ্রমিক ফেডারেশন এ সমাবেশের আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ আলম ভূইঁয়া, বিশেষ অতিথি ছিলেন, প্রচার সম্পাদক আবুল কাশেম মাস্টার। বাঘাবাড়ি নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি দাউদুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব মিয়া, ঢাকা-চট্টোগ্রাম বিভাগীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, বাহার উদ্দিন, সেলিম হোসেন, মো: হানিফ, আবুল খায়ের, আমিনুর রহমান, বাবুল হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বেতন বৃদ্ধি, খাদ্যভাতা প্রদান, বাল্কহেড সহ সকল নৌযানে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধ, ২০১৬ সালের ঘোষিত বেতন স্কেলের পূর্ণ বাস্তবায়ন, ভারতগামী নৌযান শ্রমিকদের ল্যান্ডিং পাশ প্রদান ও হয়রানি বন্ধ, কর্মস্থলে দূর্ঘটনায় নিহত নৌযান শ্রমিকদের ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ প্রদান, নৌযান শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিসবুক প্রদান, মেরিন শিপিং ডিজির নানা হয়রানি বন্ধ, ভুয়া শ্রমিক দিয়ে গঠিত বাঘাবাড়ি নৌযান শ্রমিক কর্মচারি ইউনিয়নের ভুয়া কমিটি বাতিল, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করণ, নদীর সঠিক নাব্য রক্ষা, মার্কা, বয়া, বাতি প্রয়োজন অনুযায়ী স্থাপন সহ তাদের ১১ দফা চুক্তি আগামী ১৯ অক্টোবরের মধ্যে নৌযান মালিকদের পক্ষ থেকে বাস্তবায়ন করতে হবে।
তা না হলে তারা আগামী ১৯ অক্টোবর রাত ১২টা ১ মিনিট থেকে দেশব্যাপী সকল নৌযান বন্ধ রেখে লাগাতার কর্মবিরতি কর্মসূচি পালন শুরু করবে। বক্তারা আরো বলেন, বাঘাবাড়িতে তাদের আন্দোলন সংগ্রাম দমাতে একটি মহল অপতৎপরতা শুরু করেছে। এরই অংশ হিসেবে তারা ভুয়া নৌযান শ্রমিক দিয়ে বাঘাবাড়ি নৌযান শ্রমিক কর্মচারি ইউনিয়ন নামের একটি ভুয়া সংগঠন খুলে ভুয়া কমিটি গঠন করেছে।
ওই কমিটির সদস্যদের কেউই নৌযান শ্রমিক নয়। তারা কোনদিনও নৌযান শ্রমিক ছিল না। প্রকৃত নৌযান শ্রমিকদের বিভ্রান্ত করতে এ ধরণের ভুয়া কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে নৌযান শ্রমিকদের মধ্যে তীব্র উত্তেজনা ও অসন্তোষ বিরাজ করছে। তাই দ্রুত সময়ের মধ্যে এ ভুয়া কমিটি বাতিল করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এ ব্যাপারে মেরিন শিপিং ডিজির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com