শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৫-০৯-২০২০ ১২:৩২ অপরাহ্ন |
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডীগড়ে তার পৈত্রিক ভিটায় গড়ে তুললেন মানব কল্যাণকামী অনাথালয়। বাড়ি জমি সব লিখে দিলেন অনাথালয়ের নামে। হাঁটলেন পথ থেকে পথে, ছুটে চললেন গ্রাম থেকে গ্রামান্তরে। সাদা মার্কিন কাপড় তিনভাগ করে পরিধান করতেন। কাঁধে ঝোলা ব্যাগ। সৌম্যমূর্তি সাধক মাধুকরীবৃত্তিতে নামলেন। যেখানে অনাথ শিশু পেয়েছেন, নিয়ে এসেছন তার স্বপ্নের অনাথালয়ে। ক্রমে শিশুর সংখ্যা বাড়তে বাড়তে দাঁড়ালো দেড় শতাধিক। সবমিলিয়ে লোক সংখ্যা প্রায় দুই শতাধিক। এতো লোকের অর্থের সংস্থান কোথা থেকে হবে। এগিয়ে এলেন শ্যামলী গাড়ির মালিক রমেশ বাবু সহ দেশ বরেণ্য ব্যক্তিবর্গ।
এ পর্যায়ে আমি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা শেষে কর্মজীবনে প্রবেশ করেছি। এই সময়ের প্রতিটি পর্যায়ে তাঁর সাথে আমার ছিলো নিবিড় যোগাযোগ। সবচেয়ে বেশি যোগাযোগ হতো ঢাকায় থাকতে। তিনি প্রায়ই উঠতেন ফার্মগেটের হোটেল গিভিন্সি ও লালমাটিয়া গেস্ট হাউজে। আমরা মেতে উঠতাম সাহিত্য, দর্শন, ইতিহাস, ধর্ম, দেশ ও সমাজ ইত্যাদি নিয়ে। কিন্তু তিনি প্রাধান্য দিতেন মানবসেবা কে। এ কারণে ঢাকার বড় বড় সাধূ মহারাজদের তিনি এড়িয়ে চলতেন। তাদের লক্ষ্য ধর্মপ্রচার আর নয়ন গোস্বামীর ভিশন ছিলো মানব কল্যাণ। প্রায়ই তার স্ত্রী নিশা দেবী ও ছোট দু, ছেলের কথা উঠতো। তিনি বলতেন নিশা দেবীই মূলতঃ আশ্রম পরিচালনা করেন।
তিনি দেশের যে প্রান্তেই থাকুন না কেন, লক্ষ্য থাকতো চন্ডীগড় মানব কল্যাণকামী অনাথালয়ের দিকে। আশ্রমে কত মন খড়ি লাগবে, কত বাজার সদাই, এমন কি আশ্রমবাসীর পরিধেয় কতগজ কাপড় লাগবে তার হিসেবও তিনি একা হাতেই করতেন। আর সারা বছর দেশ বিদেশের অতিথিদের আনাগোনা তো লেগেই থাকতো। নিত্যানন্দ গোস্বামী নয়ন কে মিডিয়ার পাদপ্রদীপে প্রথম নিয়ে আসেন প্রথমআলোর সাংবাদিক তৌহিদুর রহমান " অনাথের নাথ " শিরোনাম করে। এরপর মুন্নী সাহা থেকে শুরু করে দেশের প্রথিতযশা সাংবাদিকরা ছুটে যান তার উপর প্রতিবেদন তৈরি করতে। পেলেন নানা পদক ও সম্মাননা। আমি যতদুর জানি নয়ন গোস্বামীর প্রিয় জায়গা ছিলো চন্ডীগড় আশ্রম বাদে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা ও কক্সবাজারের কুরুশকূল এলাকা। লেখক : সাংবাদিক সনাতন দাস, সভাপতি, তাড়াশ প্রেসক্লাব। চলবে...
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com