শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৯-০৯-২০২০ ০২:২৮ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের তাড়াশে চাকরি দেয়ার নামে শত শত বেকারদের নিকট থেকে ১০ কোটি টাকা হাতিয়ে নেয়া, জায়গা জমি, জোর জবরদখল ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মিজানুর রহমানের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে তাড়াশ প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ভুক্তভোগীদের পক্ষে বক্তব্য রাখেন, রেজাউল করিম, মাহমুদা পারভীন, নজরুল ইসলাম, সাইদুর ইসলাম, রিতা খাতুন, আব্দুল মান্নান, মো. শফিকুল ইসলাম, নজরুল ইসলাম ও আল মাহমুদ খন্দকার প্রমুখ।
বক্তারা এ সময় প্রায় শতাধিক ভুক্তভোগী লোকের কাছ থেকে চাকরি দেয়ার নামে নেয়া ১০ কোটি টাকা ফেরত ও তাঁর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান।
ভুক্তভোগীদের দেওয়া তথ্যানুযায়ী জানা গেছে, উপজেলার চেংটিয়া গ্রামের মো. নজরুল ইসলামের স্ত্রী সুলতানা খাতুনকে কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি দেওয়ার নামে ৯ লক্ষ ৯৩ হাজার টাকা, ঘরগ্রামের মৃত খৈমুদ্দীন কাছে থেকে ৬ লক্ষ ৫০ হাজার টাকা নিয়েছে ওই প্রতারক মিজানুর রহমান।
এছাড়াও মিজানুর রহমান দীর্ঘ সময় ধরে সরকারি চাকরি দেয়ার প্রতিশ্রুতি দিয়ে জনপ্রতি ১০ থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। মিজানুর রহমান সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ফাজিলনগর গ্রামের মৃত রোকোনুজ্জামানের ছেলে।
এ ব্যাপারে জানতে ওই প্রতারক মো. মিজানুর রহমানকে ফোন করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়। উল্লেখ্য, ২০১৯ সালে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার উত্তরপত্র সরবারাহের অভিযোগে তাকে গ্রেপ্তার করেছিলো রাজশাহী পুলিশ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com