শিরোনামঃ
আব্দুল জলিল ১৩-০৯-২০২০ ০৮:৪৭ পূর্বাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ জাতীয় সংসদে শূন্যঘোষিত চারটি আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করেছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। এই সাক্ষাত্কার দিতে এসে গতকাল শনিবার(১২ সেপ্টেম্বর) গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে হাতাহাতিতে জড়িয়েছেন মনোনয়নপ্রত্যাশীদের কর্মী-সমর্থকরা। এ কারণে পার্লামেন্টারি বোর্ডের বৈঠক অনুষ্ঠানে কিছুটা বিলম্ব ঘটে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকরা এই বোর্ডের সদস্য।
ঢাকা-৫ আসনে সালাহ উদ্দিন আহমেদ, অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, নবী উল্লাহ নবী, মো. জুম্মন মিয়া ও আকবর হোসেন নান্টু এবং ঢাকা-১৮ আসনে এস এম জাহাঙ্গীর হোসেন, এম কফিল উদ্দিন, ইসমাইল হোসেন, বাহাউদ্দিন সাদি, মোস্তফা জামান সেগুন, আখতার হোসেন, আব্বাস উদ্দিন ও ইশতিয়াক আজিজ উলফাত সাক্ষাত্কার দেন। এ ছাড়া নওগাঁ-৬ আসনে আনোয়ার হোসেন, শেখ আব্দুস শুকুর, এস এম আল ফারুক জেমস, মাহমুদুল আরেফিন স্বপন, ইছহাক আলী, আতিকুর রহমান রতন মোল্লা, শেখ মো. রেজাউল ইসলাম, শফিকুল ইসলাম ও আবু জাহিদ মো. রফিকুল আলম রফিক ।
সিরাজগঞ্জ-১ আসনে টি এম তহজিবুল এনাম তুষার, নাজমুল হাসান তালুকদার রানা, রবিউল হাসান ও সেলিম রেজা মনোনয়নপ্রত্যাশী হিসেবে সাক্ষাৎকারে অংশ নেন।
ভার্চুয়াল পদ্ধতিতে ঢাকা-৫ আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাত্কার গ্রহণের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বোর্ডে সভাপতিত্ব করেন। একইভাবে স্থায়ী কমিটির সদস্যরা তাঁদের নিজ নিজ বাসা থেকে এই বোর্ডে ভার্চুয়ালি যুক্ত হন। গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত থেকে মনোনয়নপ্রত্যাশীরা বোর্ডে যুক্ত থাকেন। এই বোর্ডে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু। এই বোর্ড ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে রাতে দলের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করার কথা রয়েছে। অন্যদিকে ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে প্রার্থী চূড়ান্ত করা হলেও নাম ঘোষণা করা হবে তফসিল ঘোষণার পর।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৫টার আগে মনোনয়নপ্রত্যাশীরা দলীয় কর্মী-সমর্থক নিয়ে মিছিল সহকারে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে জমায়েত হয়। প্রথমে নবী উল্লাহ ও সালাহউদ্দিনের সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। তা থামতে না থামতেই ঢাকা-১৮ আসনের মনোনয়নপ্রত্যাশী এস এম জাহাঙ্গীর ও কফিল উদ্দিনের কর্মী-সমর্থকরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এসব ঘটনায় বেশ কয়েকজন আহত হন। এ সময় আতঙ্কে অন্য কর্মী-সমর্থকরা ছোটাছুটি করতে গিয়ে বেশ কয়েকজন আহত হন। তাঁদের একজন সড়কের ওপর পড়ে গিয়ে জখম হওয়ায় তাঁর মাথা দিয়ে রক্ত ঝরতে দেখা যায়।
গুলশান থানার ওসি আবুল হাসান গণমাধ্যমকে জানান, বিএনপির দুপক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএনপি অফিসের আশপাশে বিপুলসংখ্যক পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন রয়েছে।(কা.ক)
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com