সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনের সম্ভাব্য প্রার্থী যারা
০৮ নভেম্বর, ২০২৬ ০৬:২৮ অপরাহ্ন

  

সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনের সম্ভাব্য প্রার্থী যারা

আব্দুল জলিল
২০-০৮-২০২০ ০৬:৪৬ অপরাহ্ন
সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনের সম্ভাব্য প্রার্থী যারা

আবদুল জলিল ঃ কাজিপুর ও সিরাজগঞ্জ সদরের পাঁচটি ইউনিয়ন নিয়ে সিরাজগঞ্জ -১ আসন।  আ.লীগের সভাপতিমন্ডলির সদস্য ১৪ দলের সমন্বয়ক সাবেক স্বাস্থ্যমন্ত্রি মোহাম্মদ নাসিমের মৃত্যু হলে নিয়মানুায়ী আসনটি শুন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এরই মধ্যে উপনির্বাচনের তোড়জোড় শুরু হয়েছে। ক্ষমতাসীন আ.লীগ এই আসনে প্রার্থী বাছাইয়ের জন্যে গত ১৭ আগস্ট থেকে ধানমন্ডির দলীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন বিক্রি ও জমা নেবার কাজ শুরু করেছে। গত ১৯ আগস্ট নাসিমপুত্র ও কাজিপুরের সাবেক এমপি তানভীর শাকিল জয় দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন। এসময় জেলা আ.লীগের সহ সভাপতি আবু ইউসুফ সূর্য, কাজিপুর উপজেলা আ.লীগের সভাপতি শওকত হোসেন , সাধারন সস্পাদক ও কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজীসহ দলীয় নেতাকর্মিরা জয়ের সাথে ছিলেন। দলীয় মনোনয়নপত্র সংগ্রহের পর জয় বলেন, ‘আশা করি, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দেবেন। আর যদি আমাকে মনোনয়ন না দেওয়া হয়, তাহলে দল থেকে যাকে মনোনীত করা হবে, নৌকার জন্য আমি কাজ করে যাব। আমার দাদা ও বাবা কাজীপুরবাসীর প্রত্যাশা পূরণে যে পথ অনুসরণ করে গেছেন, সেই অনুযায়ী আমি কাজ করে যাব এলাকাবাসীর জন্য।’

এই আসনে মোহাম্মদ নাসিমের বড় ভাই ড. মোহাম্মদ সেলিমের পুত্র ব্যারিস্টার রিপন বৃহস্পতিবার দলীয় মনোনয়ন তুলেছেন। এর ফলে কাজিপুরের রাজনীতি মাঠ এখন বেশ সরব। তিনি বলেন, কাজিপুরের মানুষ পরিবর্তন চায়। দল যদি আমাকে মনোনয়ন দেয় তবে আমি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবো। 

 অন্যদিকে কাজিপুরে বিএনপির অস্তিত্ব সংকট এখনো কাটেনি। নির্বাচনকে সামনে রেখে দল গোছানোর কোন কার্যক্রম এখনও শুরু হয়নি।  মেয়াদোত্তীর্ণ উপজেলা কমিটি ভেঙ্গে দিয়ে ২১ সদস্যের এডহক কমিটি গঠন করেছে তারা। দলটির নেই হালনাগাদ কোন  ইউনিয়ন কমিটি। বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে, প্রাকৃতিক দুর্যোগে , দুই ঈদে কর্মিরা নেতাদের কাছে পায়না।

যুগ্ন আহবায়ক ও সিরাজগঞ্জ জেলা বিএনপি’র উপদেষ্টা টিএম তহযিবুল এনাম তুষার জানান,  আমরা কমিটি গঠন ও দলকে চাঙ্গা করতে কাজ শুরু করেছি।’ উপ নির্বাচন সম্পর্কে তিনি বলেন,‘ দলীয় সিদ্ধান্ত হলে আমরা মাঠে নামবো। আগামী ২৩ তারিখে আমাদের এ সংক্রান্ত মিটিং রয়েছে। ’

দলটির কাজিপুর উপজেলা কমিটির আহবায়ক অধ্যাপক রহমতুল্লাহ আইয়ুব জানান, ‘ ইতোমধ্যে এই আসনে প্রার্থী হবার জন্যে আগ্রহ প্রকাশ করেছেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা, যুগ্ন আহবায়ক টিএম তহযিবুল এনাম তুষার, জেলা বিএনপির সহ সভাপতি নেতা নাজমুল হাসান রানা ও  রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি বিএনপি নেতা এস এম শামীর আকতার তামিম। তবে দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি আমরা।’ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী শিল্পী কনকচাপা সম্পর্কে যুগ্ন আহবায়ক তহযিবুল এনাম তুষার জানান, ‘ উনি (কনকচাপা) বিগত নির্বাচনের পর থেকে আমাদের সাথে কোন যোগাযোগ রাখেননি। এমনকি উনার নম্বরটিও বন্ধ। উনার সম্পর্কে দলের কেন্দ্রিয় নেতারা ভালো বলতে পারবেন।’ এদিকে শিল্পী কনকচাপার সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

 বাংলাদেশ জাসদ এর ঢাকা উত্তরের সভাপতি আলমগীর হোসেন এই নির্বাচনে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন।

 কাজিপুরে জাতীয় পার্টির কোন কমিটি বা দলীয় কার্যক্রম নেই। তাদের কোন নেতাকর্মিকে বক্তব্য নেবার জন্যে খুঁজে পাওয়া যায়নি। 

আসন্ন উপ নির্বাচন উপলক্ষে এখনও খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়নি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাজিপুরে মোট ভোটার সংখ্যা ছিলো  ৩ লক্ষ ৪৮ হাজার ১৬৬ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লক্ষ ৭৩ হাজার ২০১ জন, মহিলা ভোটার ১ লক্ষ ৭৪ হাজার ৯৬৫ জন। পুরুষের চেয়ে মহিলা ভোটার সংখ্যা বেশি মোট ১ হাজার ৭৬৪ জন। #


আব্দুল জলিল ২০-০৮-২০২০ ০৬:৪৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1275 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com