বেলকুচিতে পালিয়ে থেকেও রক্ষা হয়নি, টাকা পরিশোধে ব্যর্থ হয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা
১১ মে, ২০২৬ ০৩:২৫ অপরাহ্ন

  

   শিরোনামঃ

বেলকুচিতে পালিয়ে থেকেও রক্ষা হয়নি, টাকা পরিশোধে ব্যর্থ হয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১০-০৮-২০২০ ০৮:৩১ অপরাহ্ন
বেলকুচিতে পালিয়ে থেকেও রক্ষা হয়নি, টাকা পরিশোধে ব্যর্থ হয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা
জহুরুল ইসলাম: তিন মাস পালিয়ে থেকেও পাওনাদারদের হাত থেকে রক্ষা পেলেন না সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কৃষক সুলতান মন্ডল (৬৫)। দীর্ঘদিন পালিয়ে থেকে শনিবার রাতের অন্ধকারে লুকিয়ে বাড়ি ফিরলেও সে খবর চলে যায় পাওনাদারদের কাছে। আর পাওনাদারদের চাপের মুখে রাগে ক্ষোভে সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। এঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলেও এ পর্যন্ত কেউ আটক হননি। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের ধুলদিয়ার গ্রামের কৃষক সুলতান মন্ডল তার দুই ছেলেকে মালয়েশিয়া পাঠাতে গিয়ে পার্শ্ববর্তী পাসু মিয়া ও তার ছেলে রমজান আলীর নিকট থেকে সুদের বিনিময়ে বেশ কিছু টাকা ধার নেয়। ইতিমধ্যে ধারের বেশ কিছু টাকা পরিশোধ করলেও এখনো বকেয়া রয়েছে প্রায় ২৫ হাজার টাকা। করোনা ভাইরাসের কারণে মালয়েশিয়াতেও কাজ বন্ধ থাকায় তার দুই ছেলে মালয়েশিয়া থেকেও কোন টাকা পাঠাতে পারেনি। এদিকে তার নিজস্ব আয় রোজগারের পথ বন্ধ। তার উপর টাকা পরিশোধের জন্য পাওনাদারদের চাপ থাকায় বাধ্য হয়ে সুলতান মন্ডল গত তিন মাস আত্মগোপন করেছিলেন। দীর্ঘদিন পর সে শনিবার রাতে গোপনে বাড়ি ফিরে আসে। কিন্তু তার বাড়িতে ফেরার খবরটি জানতে পেরে সুদ ব্যবসায়ী পাসু মিয়া এবং তার ছেলে রমজান আলী রাতেই এসে তার বাড়িতে চড়াও হয়ে পাওনা টাকার জন্য অকথ্য ভাষায় গালিগালাজ এবং হত্যার হুমকি দেয়। সুদ ব্যবসায়ী পাওনাদারদের অকথ্য গালিগালাজ আর হুমকিতে রোববার শোকে দুঃখে সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। গ্রাম্য মুদি দোকানী রমজান আলী জানান শনিবার রাতে তার সামনেই তারা সুলতান মন্ডল কে অকথ্য ভাষায় গালিগালাজ এবং লাশ করে ফেলে দেওয়ার হুমকি দেয়। স্ত্রী মনোয়ারা বেগম জানালেন সংসার চালাতে তার স্বামী সুলতান মন্ডল জমিতে মজুরির কাজ করতো। তিন মাস ধরে পলাতক থাকায় তাদের সংসার চালানোই কষ্ট। নাবালক দুই ছেলে আর এক মেয়েকে নিয়ে খেয়ে না খেয়ে দিন কেটেছে তার। এখন নাবালক তিন সন্তানকে নিয়ে কিভাবে চলবে তার দিন তা নিয়ে উৎকণ্ঠার কথা জানালেন তিনি । মালয়েশিয়া প্রবাসী তার দুই সন্তানের স্ত্রীরা এখন আলাদা সংসার পেতেছে। এ ব্যাপারে অভিযুক্ত সুদ ব্যবসায়ী রমজান আলী সাংবাদিকদের জানালেন, তারা সুলতান মন্ডলকে পাওনা টাকার জন্য কোন চাপ প্রয়োগ করেনি। পাসু মিয়ার পুত্রবধূ স্থানীয় মহিলা ইউপি সদস্য রেবা খাতুন জানান, তার শ্বশুর কখনোই পাওনা টাকার জন্য সুলতান মাহমুদের কে হুমকি-ধামকি দেয়নি। তাদের পারিবারিক কারণে সুলতান মন্ডল আত্মহত্যা করতে পারে। সুদ ব্যবসায়ী পাসু মিয়ার বড় ছেলে আব্দুল আলীম জানান, তার বাবা সুলতান মন্ডলের নিকট থেকে তারা ৩৫ হাজার টাকা পান। এ ব্যাপারে সিরাজগঞ্জ বেলকুচি থানার কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) নুরে আলম জানান, এই ঘটনায় সুলতান মন্ডল এর পরিবারের পক্ষ থেকে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১০-০৮-২০২০ ০৮:৩১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1535 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com