শিরোনামঃ
দিলীপ গৌর ০৯-০৮-২০২০ ০৭:০২ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : গত ৮ আগষ্ট শনিবার সিরাজগঞ্জের শাহজাদপুরে পৃথক ২ স্থান থেকে ২ যুবকের লাশ উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ। নিহতরা হলেন, মারুফ হাসান (২৬) ও নূর ইসলাম (৩২)। নিহত মারুফ হাসান টাঙ্গাইল জেলার গোপালপুর থানার বাইশ কাইল এলাকার আব্দুস সাত্তারের ছেলে ও নূর ইসলাম শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের গালা ফিল্ডপাড়া মহল্লার নূর চাঁদের ছেলে বলে জানা গেছে।
পৃথক ঘটনায় থানায় ২টি ইউডি মামলা হয়েছে। পুলিশ জানায়, গত বুধবার টাঙ্গাইলে বনভোজনের নৌকাডুবির ঘটনায় মারুফ হাসান নিখোঁজ হয়। পরে গত শনিবার সকালে তার লাশ উপজেলার সোনাতনী ইউনিয়নের যমুনা নদীতে ভেসে উঠলে স্থানীয় এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। পরে পরিবারের স্বজনদের কাছে মারুফের লাশ হস্তান্তর করা হয়।
অন্যদিকে, গত ৭ আগষ্ট শুক্রবার সন্ধ্যায় উপজেলার গালা ইউনিয়নের গালা ফিল্ডপাড়া মহল্লার নূর ইসলাম বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। পরে আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানেও তার শারীরীক অবস্থার চরমাবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে পাবনা সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়।
গত ৮ আগষ্ট শনিবার সকাল ৮টার দিকে পাবনা সদর হাসপাতালে নেয়ার পথে নূর ইসলামের মৃত্যু হয়। খবর পেয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। কোন অভিযোগ না থাকায় নিহত নূর ইসলামের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে থানার এসআই শাহজাহান আলী জানান।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com