শিরোনামঃ
আব্দুল জলিল ১০-০৭-২০২০ ০৭:৪৬ অপরাহ্ন |
প্রতিষ্ঠার সনঃ মোহাম্মদ নাসিমের মায়ের নামে " আমিনা মনসুর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়" টি ২০১৩ সালে সোনামুখী ইউনিয়নের রৌহাবাড়ী গ্রামে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টির নামের মাধ্যমে যেন প্রতিবন্ধী শিশুরা সহ সকলেই আমিনা মনসুরকে মনে রাখেন এমন কথাই জানালেন বিদ্যালয়ের সভাপতি শাহজাহান আলী খাঁন। গতকাল ওই বিদ্যালয়ে সরেজমিন গিয়ে কথা হয় তার সাথে। তিনি জানান, 'যেসব শিশু জন্মগতভাবেই অদ্ভুত অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বেড়ে ওঠে, অস্বাভাবিক আচরণ করে, অন্যসবার সাথে মিশতে পারে না তাদের মাঝে শিক্ষার আলো ছড়াতেই এই বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে।'
যেসব এলাকার শিক্ষার্থীরা এখানে পড়ছেঃ সোনামুখী ইউনিয়ন সহ মাইজবাড়ি ও চালিতাডাঙ্গা ইউনিয়নের প্রতিবন্ধী শিশুরা এই বিদ্যালয়ে বিনামূল্যে পড়ার সুযোগ পাচ্ছে। কুঁড়ি শতক জমির ওপর অত্যন্ত মনোরম পরিবেশে বিদ্যালয়টির অবস্থান। সিরাজগঞ্জ- সোনামুখী রোডের পার্শবর্তী রৌহাবাড়ি হাফিজিয়া কওমী মাদ্রাসার পাশেই বিদ্যালয়টির অবস্থান।
শিক্ষক ও শিক্ষার্থী সংখ্যাঃ বর্তমানে বিদ্যালয়টিতে (ননএনডিডি ১২ ধরণের প্রতিবন্ধী) শিক্ষার্থী রয়েছে মোট ২১৬ জন। এদের মধ্যে ছাত্র ১১৬ জন এবং ছাত্রী ১০০ জন। শিক্ষক সংখ্যা ২৪ জন, অফিস স্টাফ রয়েছে ১২ জন, ভ্যানচালক ৪ জন।
বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা শ্যামলী খাতুন জানান, 'প্রতিদিন আমাদের ভ্যানগাড়িগুলো করে শিশুদের ও তাদের অভিভাবকদের আনা নেয়া করে।'
শিক্ষা সহায়ক উপকরণঃ প্রথম থেকে পঞ্চশ শ্রেণি পর্যন্ত শিক্ষা ব্যবস্থার জন্যে রয়েছে বিশেষ বিনোদন। রয়েছে হারমোনিয়াম, তবলা, সাউন্ডবক্স, ফুটবল, লুডু, কেরামবোর্ড। প্রতিবন্ধীতায় প্রশিক্ষিত শিক্ষকমন্ডলী অত্যন্ত যত্নের সাথে এসব সহায়ক উপকরণের মাধ্যমে পাঠদান করে থাকেন। শিক্ষার্থীদের বিশেষ খাবার সরবরাহ করা হয়। দূরের শিক্ষার্থীদের আনা নেয়ার জন্যে রয়েছে ৪ টি অটোভ্যান।
সহায়তাঃ করোনাকালিন সময়ে বিদ্যালয় বন্ধ থাকলেও সার্বক্ষণিক খোঁজখবর নেন বিদ্যালয়টির সভাপতি শাহজাহান আলী খাঁন। এরইমধ্যে তিনি শিক্ষার্থীদের মাঝে অর্থ সহায়তা দিয়েছেন। তাছাড়া সারা বছরের খাতা কলম সব বিনামূল্যে স্কুল থেকে সরবরাহ করা হয়।
স্থাপনাঃ পুরো বিদ্যালয় ভবনটি ২টি টিনশেড। ছয়টি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদান করা হয়। শিক্ষার্থীদের ক্লাস নেয়া হয় দুই শিফটে। শিক্ষার্থীর অভিভাবকদের বসার জন্যে রয়েছে বিশেষ ব্যবস্থা। আছে তিনটি পাকা টয়লেট, দুইটি টিউবওয়েল।
সরকারি অনুমোদনঃ আমিনা মনসুর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় এর পরিদর্শন প্রতিবেদন প্রেরণ করেন মুহাম্মদ মতিয়ার রহমান, উপ-পরিচালক (ভারপ্রাপ্ত), জেলা সমাজসেবা কার্যালয়, সিরাজগঞ্জ। দেওয়ান নজরুল ইসলাম এন্ড কোং, ঢাকা। মোহাম্মদ আকবর আলী, সিনিয়র সহকারী সচিব। ছানোয়ার হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিস, কাজিপুর, সিরাজগঞ্জ। সহযেগিতার হাত বাড়িয়েছেন রান ডেভেলপমেন্ট সোসাইটি, ধনবাড়ি টাঙ্গাইল। নিবন্ধনের তারিখ ৫-৮-২০১৮ নবায়নের তারিখ- ৪-৮- ২০২০।
হিসাব পরিচালনাঃ সম্পূর্ণ সরকারি নিময় মেনে প্রতিষ্ঠানের নামে ব্যাংক একাউন্টের মাধ্যমে যাবতীয় লেনদেন সম্পন্ন হয়। সোনালী ব্যাংক, সোনামুখী, কাজিপুর, সিরাজগঞ্জ শাখার হিসাব নং- ৪২১৬৮০১০০৮২২৫। বর্তমান স্থিতি ৪৫ হাজার টাকা মাত্র।
দিবস পালনঃ প্রতি বছর স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ১ লা বৈশাখ উপলক্ষ্যে উপজেলা সদরে অনুষ্ঠিত র্যালি এবং র্যালি পরবর্তী ডিসপ্লেসহ নানা কর্মকান্ডে অংশগ্রহণ করে।
প্রতিষ্ঠাতা সভাপতির মন্তব্যঃ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি শাহজাহান আলী খাঁন জানান, 'যে জাতীয় নেতার সহধর্মীনি ও মোহাম্মদ নাসিমের মায়ের নামে প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে তাঁরা কেউই আজ আমাদের মাঝে নেই। তাঁদের স্বপ্ন ও সম্মান ধরে রাখতে আমরা সচেষ্ট থাকবো। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত অত্যন্ত সুনামের সাথে চলছে এর পাঠদান কার্যক্রম। এখন প্রয়োজন শুধু সরকারি সহায়তা। এলক্ষ্যে যাবতীয় শর্তই পূরণ করা হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যালয়টি এমপিওভূক্তিকরণের জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন রাখছি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com