শাহজাদপুর পৌর এলাকার ফুটপাত দখলমুক্ত করতে সহকারি কমিশনার (ভূমি)’র দিনভর অভিযান
শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুর পৌর এলাকার ব্যস্ততম দ্বারিয়াপুর ও মনিরামপুর সড়কের উভয় পাশে ফুটপাত মুক্ত করতে দিনভর অভিযান পরিচালনা করলেন শাহজাদপুরের সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ মাসুদ হোসেন। আজ ৭ জুলাই মঙ্গলবার তিনি প্রায় ১ কিলোমিটার অবৈধভাবে ফুটপাত দখলদারদের হাত থেকে মুক্ত করলেন। এ সময় তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, ‘রাস্তা জনগণের আপনারা রাস্তার উপর দোকান পাট বসাবেন না। এতে করে সকলেরই সমস্যা। তিনি সবাইকে সর্তক করে বলেন, পূনরায় কেউ রাস্তা দখল করে দোকান পাট বসালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, শাহজাদপুর পৌর এলাকা একটি ব্যস্ততম এলাকা। পৌরসভার মধ্যে দিয়েই ট্রাক, বাস, মাইক্রো-বাস, সিএনজি, লছিমন, করিমন, ভ্যান, রিকশা, ব্যাটারী চালিত ভ্যান-রিকশা, মটর সাইকেল, ও বাই সাইকেল চলাচল করে। এ কারণেই জনগণের চলাচলে দূর্ভোগের শেষ নাই। তার উপর ফুটপাত দখল করে এভাবে ব্যবসা করলে যানবাহন ও জনসাধারণ কিভাবে চলাচল করবে। ফুটপাতগুলো অবৈধ দখলে থাকার কারণে অহরহ ঘটছে দূর্ঘটনা। এ সময় তিনি দ্রব্য মূল্য বৃদ্ধি না করা ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলার জন্য ব্যবসায়ী ও জনগণের কাছে আহবান যানান। এদিকে রাস্তা দখল মুক্ত হওয়ায় জনগণ সন্তোস প্রকাশ করেছে। সহকারি কমিশনার (ভূমি) মাসুদ হোসেন জানান, সামনে পবিত্র কোরবানির ঈদ তাই দ্রব্য মূল্য যেন না বাড়ায় এ জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।