শিরোনামঃ
দিলীপ গৌর ২৯-০৬-২০২০ ০৫:৫৯ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি: শাহজাদপুরের সাবেক সংসদ সদস্য, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, মিল্ক ভিটার সাবেক চেয়ারম্যান, পরিচ্ছন্ন রাজনীতিবিদ কামরুদ্দিন এহিয়া খান মজলিশ সারোয়ার (৭১) হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল ২৮ জুন রবিবার দিবাগত রাত আড়াইটার সময় ঢাকা ধানমন্ডির কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ ২৯ জুন সোমবার বিকেলে শাহজাদপুর পৌরএলাকার দরগাহপাড়া হযরত মুখদুম শাহ্দ্দৌলা জামে মসজিদ ও মাজার শরীফ প্রাঙ্গনে তাঁর নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শাহজাদপুর পৌরএলাকার দরগাহপাড়া মহল্লার বাসিন্দা কামরুদ্দিন এহিয়া খান মজলিশ পূর্ব পাকিস্তান জাতীয় পরিষদের তৎকালীন সদস্য মৃত মওলানা ছাইফ উদ্দিন এহিয়ার দ্বিতীয় পুত্র। তিনি ১৯৯১ সনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে আওয়ামীলীগ প্রার্থী ড. মযহারুল ইসলামকে বিপুল ভোটে পরাজিত করে নির্বাচিত হন এবং ১৯৯৬ সনে ১৫ ফেব্রুয়ারীর নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সংসদ সদস্য নির্বাচিত হন। এদেিক তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন, স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, উপজেলা চেয়ারম্যান আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, উপজেলা বিএনপি’র আহবায়ক ড. এম.এ মুহিত, বিএনপি নেতা ইকবাল হোসেন হিরু, প্রফেসর আবু শামীম, আরিফুজ্জমান আরিফসহ অসংখ্য বিএনপি নেতাকর্মী।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com