পুলিশ ও স্থানীয়রা জানায়, সিরাজগঞ্জ শহর সংলগ্ন চর মালশাপাড়া মহল্লার আসকর আলীর মেয়ে মুন্নি বেগমকে (২৬) যৌতুকের দাবিতে প্রায়ই তার স্বামী জাহিদ হোসেন ও তার পরিবারের সদস্যরা শারীরিক নির্যাতন করতো।
এরই জের ধরে শনিবার (২০জুন) সন্ধ্যায় জাহিদ ও তার পরিবারের লোকজন মুন্নি বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ গুম করার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্বামী জাহিদ এবং ননদ রুনা খাতুনকে আটক করে ও রোববার মধ্যরাতে নিহত গৃহবধূ মুন্নি বেগমের লাশ উদ্ধার করে। এ ঘটনায় সিরাজগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এস.আই) ফারুক হোসেন জানান, প্রাথমিকভাবে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।