শিরোনামঃ
আব্দুল জলিল ২১-০৬-২০২০ ১০:১২ পূর্বাহ্ন |
কাজিপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার তিনটি হাটের জায়গা অবৈধ দখলমুক্ত করে চলছে উন্নয়ন কাজ। একে করে সরকারি রাজস্বের পাশাপাশি হাটের ব্যবসায়ীদের মাঝে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। সুন্দর পরিবেশ এবং পরিচ্ছন্ন হাটের জায়গা পেয়ে হাটুরেরাও বেজায় খুশি।
শনিবার (২০জুন) সরেজমিন উপজেলার কালিকাপুর, ভানুডাঙ্গা ও মাথাইলচাপড় হাটে গিয়ে দেখা গেছে উন্নয়নের চিত্র। কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়সূত্রে জানা গেছে, উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের ভানুডাঙ্গা হাটের ১ একর ৯৯ শতাংশ, মাথাইলচাপড় হাটের ১ একর ৫৯ শতাংশ এবং গান্ধাইল ইউনিয়নের কালিকাপুর হাটের ৭৯ শতাংশ জায়গার প্রায় অর্ধেকের বেশি কয়েকযুগ ধরে অবৈধ দখলদারদের কব্জায় ছিলো। অপরিকল্পিতভাবে হাটের জায়গায় ব্যক্তিগত দোকান পাট ওঠায় দিনদিন হাটের জায়গা কমতে থাকে। ফলে এসব হাটের রাজস্ব আয় দিন দিন কমে যাচ্ছিল। এরমধ্যে মধ্যে এবছর কালিকাপুর হাটের ডাকই কেউ নিতে চায়নি।
এমতাবস্থায় কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসব হাট-বাজার উন্নয়নে অভিযান পরিচালনা করেন। প্রথমে তিনি হাটের জায়গায় লিজ না নিয়ে অবৈধ দোকান করে ব্যবসা পরিচালনাকারিদের জায়গা ছেড়ে দেবার জন্যে মৌখিক নির্দেশ, নোর্টিশ প্রদান ও মাইকিং করে সতর্ক করেন। এসময় তিনি হাট-বাজারের জায়গা দখলমুক্ত করে তিনি ব্যবসায়ীদের সুবিধার জন্যে প্রয়োজনীয় উন্নয়নসহ প্রকৃত ব্যবসায়ীদের মাঝে জায়গা বরাদ্দের প্রতিশ্রুতি দেন। এরফলে অনেকেই জায়গা ছেড়ে দেন। আর অভিযান পরিচালনার কারণে তিনটি হাটেরই জায়গা দখলমুক্ত হয়। এসব হাটের জায়গায় প্রয়োজনীয় মাটি ভরাট, ইটের রাস্তা তৈরি, টয়লেট বাথরুম নির্মাণ ও সংস্কার, হাট সংলগ্ন মসজিদের উন্নয়ন, বিদ্যুৎ সরবরাহ এবং সোলার প্যানেলের মাধ্যমে সড়ক বাতির ব্যবস্থা করা হয়। এরপর ভানুডাঙ্গা হাটে ১০৪ টি, কালিকাপুর হাটে ৭৯ টি এবং মাথাইলচাপড় হাটের জায়গায় ৫০টি দোকান প্রকৃত ব্যবসায়ীদের মাঝে বন্দোবস্তের ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে অনেক ব্যবসায়ী জায়গা পেয়ে ঘর করছেন, কেউবা এরইমধ্যে নতুন ঘরে ব্যবসায় পেতে বসেছেন।
ভানুডাঙ্গা হাটের ব্যবসায়ী বকুল মিয়া জানান, “ঘর ভেঙ্গে দেয়ায় প্রথমে ইউএনও স্যারের উপর ভীষণ রাগ হয়েছিলো। এখন অনেক সুযোগ সুবিধাসহ জায়গা বরাদ্দ পেয়ে খুশি।’
কালিকাপুর বাজারের ব্যবসায়ী আমিনুল ইসলাম জানান, “আগেতো এলোমেলো সব দোকান ছিলো, রাস্তা ছিলো না, বাতিও না। একটু বৃষ্টি হলে হাটের জায়গায় পানি জমে যেতো। এখন সারি সারি দোকান আর রাত হলেই বাতি জ্বলে ওঠে। ব্যবসায়ও অনেক ভালো চলছে।”
কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী জানান, “হাট-বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় এসব হাটের উন্নয়ন চলমান রয়েছে। আর এসবের জন্যে সদ্য প্রয়াত এমপি মোহাম্মদ নাসিম স্যারের অকুণ্ঠ সমর্থন এবং এলাকার মানুষের সক্রিয় সহযোগিতার কারণে হাটের জায়গা দখলমুক্ত করে উন্নয়ন করা সম্ভব হচ্ছে। এতে করে এসব হাটের রাজস্ব বাড়বে, জনগণও আধুনিক সুযোগ সুবিধা পাবে।”
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com