শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ১৭-০৬-২০২০ ০৭:৩৬ অপরাহ্ন |
সোহাগ হাসান জয়ঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষের ঘটনায় সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস ও উপজেলা যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুল হক রেজাকে প্রধান আসামী করে পাল্টাপাল্টি মামলা দায়ের হয়েছে। বুধবার দুপুরের দিকে বেলকুচি থানায় মামলা দুটি দায়ের করেন আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে লাজুক বিশ্বাস ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফারুক সরকার।
ফারুক সরকারের দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানা যায়, ৬ই জুন শনিবার দুপুরে বেলকুচি উপজেলা যুবলীগের আহ্ববায়ক সাজ্জাদুল হক রেজাসহ ছাত্রলীগ-যুবলীগের আরও অন্যান্য নেতাকর্মী ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাতের জন্য বের হন। সাক্ষাত শেষে বাড়ি ফেরার পথে উপজেলার জোকনালা গ্রামের কালিবাড়ি নামক স্থানে রেজাসহ দলীয় নেতাকর্মীদের উপর পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালানো হয়।
এসময় সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস যুবলীগ নেতা রেজাকে গুলি করলে তা লক্ষ্যভ্রষ্ট হয়। এছাড়া তার নির্দেশে দেশীয় অস্ত্র নিয়ে যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়। এ হামলায় ১০-১৫ জন নেতাকর্মী গুরুতর আহত হয়। এ সময় একটি মাইক্রোবাস ও অর্ধশতাধিক মোটরসাইকেল ভাংচুর করা হয়।
অপর মামলার বাদি আবুল লতিফ বিশ্বাসের ছেলে লাজুক বিশ্বাস সূত্রে জানা যায়, বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জোকনালা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী শিক্ষিকা উম্মে জহুরার একটি পরিত্যাক্ত পুকুর পরিস্কার করা নিয়ে প্রতিবেশী রফিকুল ইসলামের দ্বন্দ্ব চলে আসছিলো। বিষয়টি মিমাংসার জন্য শনিবার দুপুরে জোকনালা বাজারে শালিস বৈঠক ডাকা হয়। এর আগেই রফিকুল ইসলামের পক্ষে উপজেলা যুবলীগের আহবায়ক সাজ্জাদুল হক রেজার নেতৃত্বে শতাধিক লোকজন বৈঠকস্থলে হাজির হন।
কিন্তু নির্ধারিত সময়ে শালিস বৈঠক শুরু না হওয়ায় তারা প্রায় শতাধিক মোটরসাইকেল নিয়ে ফিরে আসার পথে সগুনা চৌরাস্তা মোড়ে বিপরীত দিক থেকে শিক্ষিকা উম্মে জহুরার পক্ষে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস শতাধিক মোটরসাইকেল ও তিন ট্রাক ভর্তি লোক নিয়ে যাওয়ার সময় মুখোমুখি হয়। এসময় উভয়পক্ষের লোকজনের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে সাজ্জাদুল হক রেজা তার পিস্তল বের করে লাজুক বিশ্বাসকে লক্ষ করে গুলি ছোড়ে।
গুলিটি লক্ষভ্রষ্ট হয়ে লতিফ বিশ্বাসের পক্ষের উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কামাল আহমেদ গুলিবিদ্ধ হয় এবং তার পেটে ক্ষুর দিয়ে আঘাত করা হয়। এবিষয়ে বেলকুচি থানার ওসি আনোরুল ইসলাম জানান, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্ববায়ক ফারুক সরকার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলায় ৬৬ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও প্রায় দেড় শতাধিকজনকে আসামী করা হয়েছে।
অপরদিকে, আবুল লতিফ বিশ্বাসের ছেলে লাজুক বিশ্বাস বাদি হয়ে ২৮জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাত আরও ৫৬-৬০জনকে আসামী করে অপর একটি মামলা দায়ের করেন। তবে, তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন ওসি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com