শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১১-০৬-২০২০ ০৪:১৯ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হাসমত আলী (৪২) নামের এক ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটক করেছে রাজমান বাজারের স্থানীয় ব্যবসায়ীরা। বৃহস্পতিবার(১১ জুন) দুপুরে হাসমত আলীকে আটক করা হয়। ভুয়া ম্যাজিস্ট্রেট হাসমত আলীর বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার সাতবাড়িয়া গ্রামে। তিনি ওই গ্রামের আকবর আলীর ছেলে। ঘটনার সময় তিনি উপজেলার রাজমান বাজারে নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে রাজমান বাজারের বিভিন্ন দোকান থেকে টাকা আদায় করছিলেন। এসময় তার আরো দুইজন সহযোগী ছিলেন। সহযোগীরা হলেন, উল্লাপাড়া উপজেলার নন্দীবেড়া গ্রামের কোয়াক ডাক্তার রিপন আলী ও রাওতান গ্রামের তোফাজ্জল হোসেন ।
সহযোগী দুইজন ঘটনার সময় দ্রুত পালিয়ে যায়। রাজমান বাজারের ব্যবসায়ী আনোয়ার হোসেন লিটন জানান, উল্লিখিত ভুয়া ম্যাজিস্ট্রেট তার দুই সহযোগীকে নিয়ে বিভিন্ন চায়ের দোকান ও অন্যান্য দোকান থেকে ভয়ভীতি দেখিয়ে ১২/১৪ হাজার টাকা উত্তোলন করেন। এসময় স্থানীয় ব্যবসায়ীদের সন্দেহ হলে তারা বিষয়টি উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামানকে অবহিত করেন। পরে হাসমত আলী ভুয়া ম্যাজিস্ট্রেট প্রমানিত হলে তাকে স্থানীয়রা আটক করে উল্লাপাড়া মডেল থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক নুরে আলম জানান, হাসমত আলীর নিকট থেকে ২ হাজার নগদ টাকা জব্দ করা হয়েছে। এব্যাপারে উল্লাপাড়া মডেল থানায় একটি মামলা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com