চৌহালী প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালী উপজেলার স্থলচরে যমুনায় ৭৩ জন যাত্রী নিয়ে নৌকা ডুবির ঘটনায় জোতপাড়া থেকে আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছ। উদ্বধারকৃত হলেন শাহজাদপুর উপজেলার কইজুরি ইউনিয়নের জয়পুরা গ্রামের নসি মোল্লার ছেলে আজিজল মোল্লা। এ ঘটনায় এই নিয়ে ৪ জনের লাশ উদ্ধার হলো। এখনও ১৪ জন নিখোঁজ রয়েছে। ৫৪ জনকে গতকালই জীবিত উদ্ধার করা হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (২৬ মে) দুপুরে এনায়েতপুর ঘাট থেকে ইব্রাহিম মাঝির ইঞ্জিন চালিত একটি নৌকা চৌহালীতে যাবার পথে স্থলচর এলাকায় পৌঁছলে প্রচণ্ড বাতাসের কবলে পড়ে। এসময় ৭৩ জন যাত্রী নিয়ে নৌকাটি যমুনায় ডুবে যায়। তাৎক্ষণিকভাবে চেষ্টা চালিয়ে স্থানীয়রা ৫৪ জনকে জীবিত ও ৩ জনের লাশ উদ্ধার করে।
এর মধ্যে ২ জনের লাশ স্থল চর ও আরেকজনের কুকুরিয়া এলাকা থেকে উদ্ধার করা হয়। সবশেষ আজ বুধবার ভোরে জোতপাড়ায় আরেক জনের লাশ ভেসে উঠলে তা উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে নিখোঁজরা হয়তো জীবিত নেই। এদিকে জীবিত উদ্ধার হওয়া যাত্রীরা জানিয়েছে তারা শাহজাদপুর ও বেলকুচি উপজেলার শ্রমজীবি মানুষ। সবাই টাঙ্গাইলের করটিয়া ও মির্জাপুরে ধানকাটার জন্য যাচ্ছিল। নৌকায় ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী তোলায় এই নৌকা ডুবির জন্য অনেকটা দায়ী। নদীর পাড়ে স্বজনদের আহাজারী চলছে।