কাজিপুরে দোকানঘর ভাংচুরের অভিযোগ
কাজিপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পাইকড়তলি গ্রামে একটি দোকানঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। এঘটনায় চার জনকে বিবাদী করে ওই গ্রামের মৃত মন্টু সরকারের পুত্র মোঃ রোকন সরকার বাদি হয়ে বৃহষ্পতিবার (১৪ মে) দুপুরে কাজিপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।
কাজিপুর থানার ৫১৪ নং ডায়েরি সূত্রে জানা যায়, বাদীর পিতার সম্পত্তি সরকার ওয়াবদা বাঁধ হিসেবে নেয় কিন্তু সেখানে কোন কিছু না করায় তারা একটি দোকান ঘর উঠায়। পরে আরো একটি দোকান ঘর উঠাতে গেলে বৃহষ্পতিবার (১৪ মে) আনুমানিক বেলা সাড়ে বারোটার দিকে উপজেলার মেঘাই গ্রামের মোঃ ইছাহাকের পুত্র মোঃ আব্দুল মতিন (৪৫) ও মোঃ আব্দুল কাদের (৪২), আব্দুল মতিনের স্ত্রী মোছাঃ ডলি খাতুন (৪০), আব্দুল কাদেরের স্ত্রী মোছাঃ রোজি খাতুন (৩৫) এসে সবকিছু ভেঙ্গে ফেলে। এতে আনুমানিক দশ হাজার টাকার ক্ষতি সাধিত হয়েছে।
এব্যাপারে বাদি রোকন সরকার বলেন, "আমার বোন মনিরা ঘর ভাংচুর করতে নিষেধ করলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে সবকিছু ভাংচুর করে এবং লোক জনের সামনে আমাকে ও আমার বোনকে বিভিন্ন প্রকার ভয় ভীতি দেখায়।"
আব্দুল মতিন জানান, "ওই জমিটা আমার শশুরের। না করার পরও চার-পাঁচ দিন আগে রাতের অন্ধকারে একটা ছাপড়া উঠায়। বারবার বলার পরও ছাপড়া না নামালে আমরা আজকে ওই ছাপড়া নেমে রেখেছি।"
কাজিপুর থানার অফিসার ইনচার্জ একেএম লুৎফর রহমান জানান, "আজকেই থানায় এব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।"