র্যাব কর্মকর্তার উপহারে মুখে হাসি ফুটলো দুস্থ শিশুদের
আলআমিন ভূঁইয়া : করোনাভাইরাসের কারণে সংকটের মধ্যেই শুরু হয়েছে রমজান মাস। সাধারণ ছুটি ঘোষণায় পবিত্র এই মাসে বন্ধ মাদ্রাসা আর এতিমখানাগুলো। মানিকগঞ্জের সাটুরিয়ার বাছট বৈলতলা মোকদমপাড়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানাও ব্যতিক্রম নয়। বন্ধ থাকায় মাদ্রাসার হেফজ বিভাগের শিশুদের থাকতে হচ্ছে পরিবারের সঙ্গে। অতি দরিদ্র এসব পরিবারের সদস্যদের সঙ্গে শিশুদের সেহেরি খেতে হয়েছে কাঁচামরিচের সঙ্গে পান্তা ভাত দিয়ে। ইফতারেও জোটেনি তেমন কিছুই।
এমন খবর জানা মাত্রই বাছট বৈলতলার ওই মাদ্রাসা ও এতিমখানার শিশুদের পাশে দাঁড়িয়েছেন র্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক। রোববার বিকেলে সকল শিশু ও তাদের পরিবারের জন্য পাঠিয়েছেন রমজানের উপহার সামগ্রী। আর এতেই হাসি ফুটেছে দরিদ্র পরিবারগুলোতে।
মাদ্রাসা ও এতিমখানার দায়িত্বে থাকা হাফেজ ক্বারী আব্দুর রহমান বলেন, র্যাব কর্মকতা মোজাম্মেল হকের পক্ষে সহকারী উপপরিচালক জাহাঙ্গীর আলম উপহার সামগ্রীগুলো দিয়ে গেছেন। শিশুদের পক্ষে আমি সেগুলো গ্রহণ করেছি। পরে শিশুদের পরিবারের কাছে সেগুলো পৌঁছিয়েও দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, প্রতিবছর শিশুরা রমজানে মাদ্রাসাতেই থাকে। এই সময়ে অনেকেই শিশুদের জন্য বিশেষভাবে দান করেন। কিন্তু এ বছর তো সবকিছুই বন্ধ। ফলে শিশুদের তাদের পরিবারের সঙ্গে চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটাতে হচ্ছিল। এমন অবস্থায় তাদের জন্য রোজা রাখাটা খুব কঠিন। আশা করি র্যাব কর্মকর্তার উপহারে তাদের রমজান মাসের কষ্ট কিছুটা হলেও কমবে।
র্যাব-৪ অধিনায়ক মোজাম্মেল হক বলেন, ফেসবুকে মাদ্রাসার শিশুদের কথা শুনে খুব খারাপ লেগেছিল। তাই এসব শিশু ও তাদের অস্বচ্ছল পরিবারের জন্য উপহার হিসাবে কিছু নিত্যপণ্য পাঠিয়েছি।
এই র্যাব কর্মকর্তা আরো বলেন, অন্য অনেক জায়গাতেও নিশ্চয় এরকম অবস্থায় অনেকেই রয়েছে। সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানাই, আপনারাও এই কঠিন সময়ে সবাই যার যার জায়গা থেকে এগিয়ে আসুন। দুঃস্থদের সহায়তা করুন। র্যাব সাধ্যমতো মানবিক সাহায্য করছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সহায়তা অব্যাহত থাকবে।
মাদ্রাসায় র্যাব-৪ অধিনায়কের উপহার সামগ্রী হস্তান্তরের সময় সাটুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন পিন্টু, সবুজ পরিবেশ আন্দোলনের মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক রাজ্জাক হোসাইন রাজ, সাটুরিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি অলক রায়, বাছট বৈলতলা মোকদমপাড়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার কোষাধ্যক্ষ তোফাজ্জ্বল হোসেন মেম্বার, যুগ্ন-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এবং হাসিবুল ইসলাম সোহেল প্রমূখ উপস্থিত ছিলেন।