প্রাণহীন নববর্ষ
১৮ এপ্রিল, ২০২৬ ০৬:২২ অপরাহ্ন

  

প্রাণহীন নববর্ষ

নিউজরুম
২২-০৪-২০২০ ১০:১২ পূর্বাহ্ন
প্রাণহীন নববর্ষ
নতুন আরেক বছরের সূর্য উঠেছে। তবে লাল-সাদা শাড়ি বা নতুন জামা-কাপড় পরে বাইরে বের হওয়ার তাড়া নেই কারো। কিন্তু তা হলে কি হবে। আমার তিন মেয়ে সকালে ঘুম থেকে উঠে নাস্তা না খেয়েই দেখি আলমিরা খুলে নতুন কাপড় বাছাই করছে। আমি জিজ্ঞেস করলাম কী ব্যাপার, সকালে উঠেই আলমিরা খুলে কী করছ তোমরা? ওরা বলে, নতুন জামা বের করছি। বললাম, তো এখন নতুন জামা-কাপড় কী হবে? মেজটা বলে, বা'রে আজ পয়লা বৈশাখ না! বাইরে যাওয়া যাবে না তাতে কী। আমরা নতুন জামা-কাপড় পরে ছাদে গিয়ে ছবি উঠবো। ছোট মেয়ে ওদের মা-কে বললো পান্তা খাবে, বড় মেয়ে বলে না, পান্তা না এই নিয়ে খুনসুটি। ওদের মা রান্নাঘরে চলে গেল। আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। এবার নববর্ষ এলো এমন এক সময়ে যখন করোনা ভাইরাসের কারণে মানুষ মরছে প্রতিদিন। বিশ্বময় ছড়িয়ে পড়া করোনার সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে চলছে কোয়ারেন্টাইন কাল। এই সংকটময় পরিস্থিতিতে বাঙালির সবচেয়ে বড় অসাম্প্রদায়িক উৎসব পয়লা বৈশাখে বর্ষবরণের চিরাচরিত রীতির চেহারা বেমালুম পাল্টে গেল। রাজপথগুলো জনবিরল। রমনার বটমূলে হয়নি ছায়ানটের ঐতিহ্যবাহী প্রভাতি গানের অনুষ্ঠান। শুরু হয়নি বিশ্ব ঐতিহ্যের খ্যাতি পাওয়া মঙ্গল শোভাযাত্রা। শহর নগরের কোনো রাস্তায় বের হয়নি বর্ণাঢ্য র‍্যালি বা আনন্দ শোভাযাত্রা। গ্রাম গঞ্জে বসেনি বৈশাখী মেলা। সর্বত্র এক গভীর মৌনতা। কিন্তু তাতে কী! তবুও আজ নববর্ষ। নতুন বছর ১৪২৭ সনের প্রথম দিন। ছেলে-মেয়েরা সেজে-গুজে রাস্তায় নেমে নববর্ষের আনন্দে মেতে উঠতে না পারলেও ঘরে থেকে আমার সন্তানদের মতো উদযাপন করবে পুরো দেশবাসী। মানবজাতি বিনাযুদ্ধে কারো কাছে কখনো আত্মসমর্পণ করেনি। করবেও না আশাকরি। সৃষ্টিকর্তা সহায়। বিপন্ন মানব সমাজকে বাঁচিয়ে রাখার প্রয়াস চলছে নিরন্তর। আজ আমাদের মনোবল অটুট রাখতে হবে। উৎসবের সময় এখন নয়। চারিদিকে মৃত্যুর মিছিল। লাশের গন্ধ। আগে মানুষকে বাঁচাতে হবে। নিতে হবে জীবন যুদ্ধে জয়ী হওয়ার শপথ। করোন ভাইরাস নামের অদৃশ্য অশুভ শক্তির বিরুদ্ধে আমরা জয়ী হবোই। মানুষের সম্মিলিত উদ্যোগে, নব আবিষ্কারে ও মানবিক সহায়তায় নতুন বছরের সূর্য বিশ্বময় ছড়ানো করোনার দীর্ঘ ছায়া মিলিয়ে দেবে। নতুন বছর মানুষের মাঝে ছড়িয়ে দেবে প্রাণের উত্তাপ। এই আশাবাদে উদ্ভাসিত হোক আমাদের সবার মন।।।

মু্হাম্মদ নাজমুল হক, সহকারী অধ্যাপক উল্লপাড়া মার্চেন্টস পাইলট সরকারি স্কুল ও কলেজ, সিরাজগঞ্জ।


নিউজরুম ২২-০৪-২০২০ ১০:১২ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 481 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com