কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড বাড়িঘর
কালবৈশাখী ঝড়ে ঠাকুরগাঁয়ের রানীশংকৈলে বিভিন্ন স্থানে বাড়িঘর লণ্ডভণ্ড হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার সকাল সোয়া ৯টা থেকে ১০টার মধ্যে রাণীশংকৈলের উপর দিয়ে বয়ে যায় এ কালবৈশাখী ঝড়।
বাঁশবাড়ি এলাকার হারুনুর রশিদ জানান, কালবৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় অর্ধশত কাঁচা ও টিনের চালা বিশিষ্ট ঘরবাড়ি ও গাছ উপড়ে পড়েছে। উপজেলার সুন্দরপুর-ভাংবাড়ি, মীরডাঙ্গী, ক্ষুদ্র বাঁশবাড়ি, মহলবাড়ি, টিএন্ডটিসহ বিভিন্ন এলাকায়ও এমন ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন লোকজন। ঝড়ের তাণ্ডবে বাড়িঘর ছাড়াও ফসলি জমি ও গাছ-গাছালির ক্ষয়ক্ষতি হয়েছে।
উপজেলা কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ বলেন, উপজেলায় ফসলের তেমন কোনো ক্ষতি হয়নি। তবে কিছু কিছু ভুট্টাক্ষেত পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে অপরদিকে কিছু গাছপালা ক্ষয়ক্ষতি হয়েছে।
রানিশংকেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, বিভিন্ন স্থানে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে প্রাণহানির কোনো ঘটনার খবর পাইনি। তারপরও সব উপজেলার প্রত্যন্ত অঞ্চলে খোঁজখবর নেওয়া হচ্ছে।