অনির্দিষ্টকালের জন্য রাজশাহী লকডাউন
রাজশাহীতে করোনাভাইরাস আক্রান্ত দুই জন রোগী শনাক্ত হওয়ার পর পরিস্থিতি মোকাবিলায় রাজশাহী জেলাকে লকডাউন ঘোষণা করেছে রাজশাহী প্রশাসন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে এক গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-নারায়ণগঞ্জে করোনাভাইরাস রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তাই ঢাকা-নারায়ণগঞ্জ থেকে বিপুলসংখ্যক মানুষের রাজশাহী আসার প্রবণতা দেখা দিয়েছে। ইতোমধ্যে ঢাকা-নারায়ণগঞ্জ থেকে রাজশাহীতে আসা দুই ব্যক্তির করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাই সিভিল সার্জনের সুপারিশ এবং জেলার আইনশৃঙ্খলা সংক্রান্ত সকল সংস্থার মতামতের ভিত্তিতে করোনাভাইরাস প্রতিরোধে রাজশাহী জেলাকে লকডাউন করা হলো। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লকডাউন বলবত থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লকডাউন চলাকালে রাজশাহীর সঙ্গে অন্য জেলা থেকে প্রবেশ ও বের হওয়ার সকল প্রকার রাস্তাঘাট বা অন্য কোনও পথে কেউ বের হতে পারবেন না। একইভাবে জেলার বাইরে থেকেও কেউ রাজশাহী প্রবেশ করতে পারবেন না। সকল ধরনের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা, চিকিৎসা সেবা, কৃষিপণ্য-খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ, বিদ্যুৎ, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ব্যাংকিং সেবা, মোবাইল ব্যাংকিং, ওষুধ শিল্প সংশ্লিষ্ট যানবাহন ও কর্মী লকডাউনের আওতামুক্ত থাকবে।
এর আগে গেল ৬ এপ্রিল করোনা পরিস্থিতি মোকাবিলার বিভাগীয় সমন্বয় কমিটির সভা শেষে রাজশাহী জেলায় প্রবেশ এবং বের হওয়ায় কড়াকড়ি আরোপ করা হয়। এরই মধ্যে ঢাকা থেকে রাজশাহীর পুঠিয়া উপজেলায় আসা এক যুবকের করোনা শনাক্ত হয় গত রোববার। আর নারায়ণগঞ্জ থেকে জেলার বাগমারায় আসা আরেক যুবকের করোনা শনাক্ত হয় সোমবার।