শিরোনামঃ
অনলাইন নিউজ এডিটর ২৬-০৩-২০২০ ০৩:৪৫ অপরাহ্ন |
স্টাফ করেস্পন্ডেন্টঃ করোনাভাইরাস থেকে রেহাই পেতে পিরোজপুরে স্থানীয়ভাবে হ্যান্ড সেনিটাইজার তৈরী করা হচ্ছে। সরকারি সোহরাওয়ার্দী কলেজের রসায়ন বিভাগ হাত পরিচ্ছন্ন এবং ভাইরাসমুক্ত রাখার এই উপাদানটি তৈরী করা হচ্ছে কলেজের বসায়ন বিভাগের ল্যাবরেটরিতে। রসায়ন বিভাগের শিক্ষক ও ছাত্ররা এ হ্যান্ড সেনিটাইজার তৈরী করে বিনামূলে বিভিন্ন সরকারী দপ্তর ও সংগঠনকে বিতরণ করছে।
রসায়ন বিভাগের তৈরী করা হ্যান্ড সেনিটাইজার ইতিমধ্যে পিরোজপুর জেলা পুলিশ ৫৫ লিটার, পিরোজপুর জেলা পরিষদ ৩৫ লিটার, জেলা প্রশাসন ১০ লিটার, জেলা ছাত্রলীগ ২০ লিটার ও কলেজ কর্তৃপক্ষ ১০ লিটার সংগ্রহ করেছে। এছাড়া আরও ৪০০ লিটর তৈরির কাজ চলছে।
কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল ইসলামের নেতৃত্বে জীবাণুমুক্ত করার এই স্যানিটাইজার তৈরী করা হচ্ছে। রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ইসমাইল হোসেন, মহিবুল্লাহ ও ইসলাম হোসেন তাকে এ কাজে সহায়তা করছে।
এ বিষয়ে সহকারী অধ্যাপক জাহিদুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগে তিনি এমফিল করার সময় তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত এ হ্যান্ড সেনিটাইজার তৈরীর ফর্মূলার সন্ধান পান। এই উপাদানটি তৈরী করতে কাঁচামাল হিসাবে যে কেমিক্যাল ব্যবহৃত হয়েছে তা হলো আইসোপ্রেপাইল এ্যালকোহল-৭৫.২০%, হাইড্রোজেন পার অক্সাইড-০.৪৫%, গ্লিসারিন-১.৫০%, পাতিত পানি-২২.৮০% ও এসেন্স (লেমন)-০.০৫%। প্রতি লিটার এই জীবাণুনাশক উপাদান তৈরী করতে ৩৬০ টাকার ব্যয় হয়। ল্যাবে তৈরীকৃত ৫৫ লিটার হ্যান্ড সেনিটাইজার পিরোজপুরের পুলিশ বিভাগকে সোমবার সরবরাহ করা হয়েছে।
তবে তিনি জানান, এ হ্যান্ড সেনিটাইজার তৈরী করতে যে কেমিক্যাল ব্যবহৃত হচ্ছে তা ঢাকা থেকে আনতে হয়। বর্তমানে এর দামও বেড়ে গেছে। এছাড়া এগুলো বোতলজাত করার জন্য দাহিদামত বোতল পাওয়া যাচ্ছে না।
প্রস্তুতকারীরা এ ক্ষেত্রে সর্তক করে বলেছেন, এ্যালকোহল দাহ্য পদার্থ হওয়ায় তা আগুন হতে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে এবং শিশুদের নাগালের বাইরে রাখতে হবে। এটি শুধু বাহ্যিক ব্যবহারের জন্য হওয়ায় কোন ভাবেই গলাধঃকরণ করা যাবে না।
সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ সৈয়দ আলী আজম জানান, বাজারে হ্যান্ড স্যানিটাইজারের স্বল্পতা এবং মূল্যবৃদ্ধির কারণে কলেজের রসায়ন বিভাগের ল্যাবে শিক্ষক ও ছাত্ররা হ্যান্ড স্যানিটাইজার তৈরী করে বিনামূলে সরবরাহ শুরু করেছে। এটি একটি প্রশংসনীয় উদ্যোগ।
পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান, স্থানীয়ভাবে তৈরী এ হ্যান্ড স্যানিটাইজার মঙ্গলবার থেকে জেলার সহস্রাধিক পুলিশ সদস্যের জন্য বিতরণ করা শুরু হয়েছে। প্রাথমিকভাবে আশা করা হচ্ছে স্বল্পব্যয়ের জীবাণুনাশক উপাদানটি বেশ কার্যকর হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com