শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৫-০৩-২০২০ ০৭:১০ অপরাহ্ন |
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলাধীন বড়হর ইউনিয়নে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করছেন স্থানীয় গ্রামবাসী। এই ইউনিয়নের বড়হর-পাঁচিলা আঞ্চলিক সড়কের আমডাঙ্গা ব্রিজ থেকে সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার অংশ বেশ কিছুদিন ধরে ভেঙ্গে নষ্ট হয়ে গেছে। রাস্তার মাঝে মাঝে গর্তের সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। সংস্কারের অভাবে এই পথে চরম ঝুঁকি নিয়ে স্থানীয় বাসিন্দাদের চলাচল করতে হতো। বর্ষা বৃষ্টির দিনে পথচারীদের পায়ে হেঁটে চলাচল খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছিল। সংস্কার কাজে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা জানান, এই আঞ্চলিক সড়কটির কিছু অংশ স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উল্লাপাড়া অফিস থেকে হেরিং বন বন্ড (এইচবিবি) করা হয়েছিল। এই অংশের মধ্যে আমডাঙ্গা গ্রাম থেকে সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয় পর্যন্ত অংশ একটি খালের পাড়ে অবস্থিত হওয়ায় রাস্তাটি ভেঙ্গে নষ্ট হয়ে যায়। এ ব্যাপারে ইউনিয়ন পরিষদে বার বার জানালেও প্রয়োজনীয় অর্থের অভাবে রাস্তার এ অংশটুকু সংস্কার করা সম্ভব হয়নি। ফলে স্থানীয় গ্রামবাসীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই রাস্তা নির্মাণের সিদ্ধান্ত নেয়। বুধবার সকাল থেকে লোকজন টুপরি কোঁদাল নিয়ে সংস্কার কাজে নামে। এ ব্যাপারে সংশ্লিষ্ট বড়হর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলাম নান্নুর সংঙ্গে যোগাযোগ করলে তিনি স্বেচ্ছাশ্রমে স্থানীয় গ্রামবাসীদের রাস্তা সংস্কারের এই কাজকে মহৎ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। চেয়ারম্যান আরো জানান, ইউনিয়ন পরিষদ তহবিলে অর্থের সংস্থান হলে রাস্তাটি নতুন করে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে এলজিইডির উল্লাপাড়া উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম জানান, স্থানীয় গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছেন। তাদের এ কর্মকান্ড পার্শ্ববর্তী এলাকার লোকজনকে অনুপ্রাণিত করবে। তিনি রাস্তাটি পাকাকরণের ব্যবস্থা নেবেন বলে উল্লেখ করেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com