শিরোনামঃ
স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ ০৩-০৩-২০২০ ০৯:২৯ অপরাহ্ন |
উৎপাদন ও মেয়াদের তারিখ বিহীন দই-মিষ্টি বিক্রি এবং আমদানি করা বিদেশী পণ্যে শুল্কফাঁকি দেয়ার অভিযোগে ধার্য্য করা জরিমানা দিতে অস্বীকার করায় সিরাজগঞ্জে তমিজ উদ্দিন এন্ড সন্স মিষ্টিমেলা ও দইঘর সিলগালা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার দুপুরে শহরের বাজার স্টেশন স্বাধীনতা স্কয়ারের সামনে এ ঘটনা ঘটে। এদিকে ঘটনার সময় কর্মকর্তাকে হুমকি দেয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়রী করা হয়েছে।
সদর থানার উপ-পরিদর্শক সৌরভ কুমার দত্ত জানান, মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারি পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে তমিজ উদ্দিন এন্ড সন্স মিষ্টিমেলা ও দইঘরে অভিযান চালানো হয়। এ সময় উৎপাদন ও মেয়াদের তারিখ বিহীন দই মিষ্টি বিক্রি এবং বিদেশী পণ্যে শুল্ক ফাঁকি দেয়ার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। কিন্তু প্রতিষ্ঠানের মালিক সাইফুল ইসলাম ওই জরিমানা দিতে অস্বীকার করেন এবং আপনারা যা পারেন তা করেন বলে হুমকি দিতে থাকেন। পরে জরিমানা আদায়ের জন্য ওই প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়া হয়।
এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মাহমুদ হাসান রনি বলেন, ওই প্রতিষ্ঠানে উৎপাদিত দই ও মিষ্টির উৎপাদন ও মেয়াদের তারিখ, মুল্য, উপাদান ওজন কোন কিছু লেখা নেই। এ সময় প্রাথমিকভাবে ভোক্তা অধিকার আইনে তিন হাজার টাকা জরিমানা করা হয়। তখনই প্রতিষ্ঠানের মালিক জরিমানা দিতে অস্বীকার করেন। পরে আরও চেক করে দেখি ভারতীয় পণ্যগুলোতে আমদানীকারকের সিল ছাড়াই বিক্রি করছেন। পরে ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৩৭ ও ৩৮ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। কিন্তু তখনও তিনি জরিমানা দিতে অস্বীকার করেন এবং তাৎক্ষণিক অন্যান্য মিষ্টির দোকানগুলোতে ফোন করে দোকান বন্ধ রাখতে বলেন। জরিমানা আদায়ের জন্য ওই দোকানটি সিলগালা করা হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার সময় ওই মিষ্টির দোকানের মালিক আমাকে দেখে নেবেন বলে হুমকি দিয়েছেন। এ ঘটনায় সদর থানায় সাধারণ ডায়রী করেছি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com