শিরোনামঃ
নিউজরুম ১৮-০২-২০২০ ০৩:৫৬ অপরাহ্ন |
ঝালকাঠির নলছিটিতে জুয়ার আসর থেকে ৪৭ পিস ইয়াবাসহ আটজনকে আটক করেছে র্যাব। এদের মধ্যে মগড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান যুবলীগ নেতা জসিম হাওলাদার ও যুবদল নেতা মিরাজ হাওলাদারও রয়েছেন। গতকাল সোমবার রাত ১১টার দিকে উপজেলার আমিরাবাদ এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে তাদের আটক করা হয়। আজ মঙ্গলবার সকালে তাদের নলছিটি থানায় সোপর্দ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে র্যাব।
র্যাব ও স্থানীয়রা জানায়, আমিরাবাদ এলাকার রিপন মৃধার নির্মাণাধীন একটি ভবনে গতকাল সোমবার রাতে বরিশাল র্যাব-৮ এর একটি দল অভিযান চালায়। র্যাব ওই ভবনের ভেতর থেকে মগড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জসিম হাওলাদার, ইউনিয়ন যুবদল সভাপতি মিরাজ হাওলাদার, সাবেক ইউপি সদস্য জামাল খান, কামরুল ইসলাম, আওলাদ হোসেন মৃধা, সেলিম হাওলাদার, মিজানুর রহমান ও জলিল তালুকদারকে আটক করে। তাদের তল্লাশি চালিয়ে ৪৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ৪৮ হাজার টাকা, ১২টি মোবাইলফোন ও ১৯টি সিম কার্ডও উদ্ধার করে র্যাব।
এ ব্যাপারে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন জানান, ইয়াবা উদ্ধারের ঘটনায় বরিশাল র্যাব-৮ এর উপসহকারী পরিচালক (ডিএডি) মো. আবদুল মোন্নাফ বাদী হয়ে আটজনের নামে একটি মামলা দায়ের করেন। আদালতের মাধ্যমে আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে বাড়ির মালিক রিপন মৃধা বলেন, আমার মায়ের মৃত্যুতে আগামী ৬ মার্চ কুলখানী (মেজবান) অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানের বিষয় নিয়ে রাতে আমাদের বাড়িতে প্যানেল চেয়ারম্যান জসিম ও যুবদল নেতা মিরাজসহ আটজন বৈঠক করে। বৈঠক শেষে তারা তাস খেলছিল। এ সময় র্যাব গিয়ে তাদের আটক করে নিয়ে যায়। তাদের কাছে কোনো ইয়াবা ছিল না। এটা সম্পূর্ণ ষড়যন্ত্র। আমাদের ধারণা র্যাবকে দিয়ে কেউ এ কাজ করিয়েছে।
তবে র্যাবের ডিএডি মো. আবদুল মোন্নাফ এজাহারে উল্লেখ করেন, অভিযানের সময় স্থানীয় কয়েকজন ব্যক্তির উপস্থিতিতে আসামিদের তল্লাশি করা হয়। তাদের প্রত্যেকের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com