শিরোনামঃ
নিউজরুম ১১-১১-২০২০ ০৩:৪৮ অপরাহ্ন |
রাজশাহী নগরীর একটি ওষুধের মার্কেটে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক স্যাম্পল (ফিজিশিয়ান স্যাম্পল) ওষুধ উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ। ওষুধগুলো কোম্পানি থেকে চিকিৎসকদের প্রদান করা হয়, যা বিক্রয়ের জন্য নিষিদ্ধ। মঙ্গলবার রাতে নগরীর লক্ষীপুরে অবস্থিত মর্ডান মেডিকেল মার্কেটে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় মার্কেটে অবস্থিত মেসার্স আনোয়ারা ফার্মাসি, মা-বাবা ফার্মাসি ও বিসমিল্লাহ ফার্মাসি নামের তিনটি দোকান থেকে ২২টি প্রতিষ্ঠানে আনুমানিক ৩০ লাখ টাকার স্যাম্পল ওষুধ উদ্ধার করা হয়। তবে শেষ পর্যন্ত ৫৫ হাজার টাকা জরিমানা করে স্যাম্পল ওষুধসহ অভিযুক্তদের ছেড়ে দেয়া হয়।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার সহকারী পুলিশ কমিশনার রাকিবুল ইসলাম জানান, ওষুধ কোম্পানি স্যাম্পল ওষুধগুলো চিকিৎসকদের দিয়ে থাকেন। যা বিক্রির জন্য নিষিদ্ধ। এর গায়ে ওষুধের দাম উল্লেখ নেই এবং প্যাকেটের গায়েও লেখা থাকে ‘বিক্রয়ের জন্য নয়’। তবে সেই ওষুধগুলো এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী সংগ্রহ করে বাজারে বিক্রি করে। শুধু তাই নয়, তারা প্যাকেট পরিবর্তন করে অন্য প্যাকেটে পুরে এসব ওষুধ বিক্রি করে। আরএমপি’র এই কর্মকর্তা আরো জানান, ডিবি কর্তৃপক্ষ অভিযান চালিয়ে ওষুধগুলো উদ্ধারের পর রাজশাহী জেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে খবর দেয়। তাদের একজন সহকারি পরিচালক এসে সংশ্লিষ্ট বিষয় যাচাই বাছাই শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। তবে এবিষয়ে কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি।
এদিকে রাজশাহী জেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একজন সহকারী পরিচালক হাসান আল মারুফ বলেন, ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির বিধান নেই। তারপরো রাজশাহী তিনটি প্রতিষ্ঠান অবৈধভাবে ওষুধগুলো বিক্রি করে আসছিলো। রাজশাহী গোয়েন্দা পুলিশের অভিযানের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে খবর দেয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পক্ষ থেকে আমি গিয়ে ফার্মাসিগুলোর কাগজপত্র ও ওষুধগুলো পর্যবেক্ষণ করি। এর পর অসঙ্গতি থাকায় মেসার্স আনোয়ারা ফার্মাসিকে ২৫ হাজার টাকা, মা-বাবা ফার্মাসিকে ১৫ ও বিসমিল্লাহ ফার্মাসিকে ১৫ টাকা করে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ওই মার্কেটের সকল ফার্মাসিকে সতর্ক করা হয় যাতে আগামীতে তারা আর স্যাম্পল ওষুধ বিক্রি না করে। আগামীতে তারাও কোনো ধরণের স্যাম্পল ওষুধ বিক্রি করবে না মর্মে মুচলেকা প্রদান করে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ওষুধ কম্পানির রাজশাহী ডিপোর ম্যানেজারেরা জানান, ফিজিশিয়ান স্যাম্পল ওষুধগুলো চিকিৎসকদের বিনামূল্যে দেয়া হয়। এগুলোর গায়ে ওষুধের মূল্য উল্লেখ করা থাকে না এবং তা বাজারে বিক্রির জন্য নয়।
রাজশাহী বিভাগীয় ওষুধ প্রশাসন অধিদপ্তরের সাবেক উপপরিচালক মির্জা আনোয়ারুল বাসেদ জানান, ফার্মাসিগুলোর লাইসেন্স দেয়ার সময় শর্তে উল্লেখ থাকে তারা কোন প্রকার ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি করতে পারবে না।
এদিকে স্থানীয় ফার্মাসিগুলোর দাবি তাদের কাছে এই স্যাম্পল ওষুধগুলো চিকিৎসক বা তাদের সংশ্লিষ্টরা বিক্রি করে থাকে। সামান্য কিছু লাভের আশায় ফার্মাসিগুলো বিক্রয় নিষিদ্ধ থাকার পরো ডাক্তারদের কাছ থেকে ক্রয় করে বাজারে বিক্রি করে। ব্যবসায়ীদের দাবি স্যাম্পল ওষুধ বিক্রির সাথে চিকিৎকেরাও জড়িত।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com