শিরোনামঃ
নিউজরুম ১৪-০১-২০২০ ০৫:৪২ অপরাহ্ন |
গাইবান্ধার সুন্দরগঞ্জে চুরির অপবাদে হাত-পা বেঁধে কিশোর রাফিকুলকে উল্টো ঝুলিয়ে নির্যাতনের মামলার ১৩ আসামির মধ্যে ৪ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারের পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।আজ মঙ্গলবার দুপুরে গাইবান্ধা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রমেশ কুমার দাগা এ নির্দেশ দেন।এর আগে, চার আসামি আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। জামিন না পাওয়া আসামিরা হলেন আইজল, ইয়াজল, নাজমুল ও মঞ্জু। অভিযুক্ত সকলের বাড়ি উপজেলার ধুমাইটারী গ্রামে।
বিষয়টি নিশ্চিত করে পাবলিক প্রসিকিউটর (পিপি) শফিকুল ইসলাম সফিক বলেন, কিশোর নির্যাতনের ঘটনা মামলার ১৩ আসামির গ্রেপ্তার দুজনসহ আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। পরে শুনানি শেষে বিচারক নয় জনের জামিন মঞ্জুর ও চার জনের জামিন না মঞ্জুর করেন। গরু চুরির অপরাধে গত শুক্রবার রাতে ঘুম থেকে তুলে কিশোর রাফিকুলকে ডেকে নিয়ে যায় আসামিরা। রাতভর নির্যাতনের পর শনিবার সকালে শতশত গ্রামবাসীর সামনে উল্টো ঝুলিয়ে অমানবিক নির্যাতন চালায়। নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর গত রবিবার রাতে ভুক্তভোগীর পরিবার ১৩ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। নির্যাতনের শিকার কিশোর রাফিকুল এখনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
রাফিকুল সুন্দরগঞ্জের ধুমাইটারী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। দরিদ্র পরিবারের রাফিকুল সপ্তম শ্রেণিতে পড়াশোনার পাশাপাশি স্থানীয় একটি ইটভাটায় শ্রমিকের কাজ করে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com