উল্লাপাড়ার সরিষা মাঠে মৌ খামারীদের অর্থ সম্পদ লুটে নিচ্ছে দুর্বৃত্তরা
০৪ মে, ২০২৬ ০৩:৪০ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ার সরিষা মাঠে মৌ খামারীদের অর্থ সম্পদ লুটে নিচ্ছে দুর্বৃত্তরা

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৯-০১-২০২০ ০৪:৫৮ অপরাহ্ন
উল্লাপাড়ার সরিষা মাঠে মৌ খামারীদের অর্থ সম্পদ লুটে নিচ্ছে দুর্বৃত্তরা

উল্লাপাড়া  প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বিভিন্ন এলাকার সরিষা মাঠে রাতে মৌ খামারীদের উপর হামলা করছে দুর্বৃত্তরা। তারা দেশীয় অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে খামারীদের টাকা, মধু, সোলার প্যানেল সামগ্রীসহ  বিভিন্ন জিনিসপত্র লুটে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ১ সপ্তাহ ধরে চলছে এই লুটপাট। ফলে মৌ খামারীরা এখন চরম উৎকন্ঠার মধ্যে রাত কাটাচ্ছেন।  

সিরাজগঞ্জ জেলা মৌ চাষী সমিতির সভাপতি আব্দুর রশিদ স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করেছেন, গত ১ সপ্তাহে উপজেলার চড়কতোলা মৌ খামারের আব্দুল আহাদ, গয়হাট্টা বাজারের পাশে মহিবুর আলমের ভাই ভাই মৌ খামার, আলীগ্রাম সরিষা মাঠে মৌ খামারী শাহাদৎ হোসেন, বিনায়েকপুর বাজারের পাশে শিশির কুমার সাহার মৌ খামার, দিঘল গ্রাম মাঠে আফছার আলীসহ ১০টি খামারে দুর্বৃত্তরা তাদের ২ লক্ষাধিক টাকা, ৫/৬ মন মধু, সোলার প্যানেল, মোবাইল সেট, হাড়ি পাতিল, শীতের কাপড়চোপড় লুটপাট করেছে। দুর্বৃত্তরা রামদা, লোহার রড, ছোরা নিয়ে এই অপরাধ কর্মে নেমেছেন। 

ফলে মৌ চাষীরা এখন রাতের বেলা চরম নিরাপত্তাহীনতার মধ্যে ভুগছে। আব্দুর রশিদ আরো জানান, এ বছর উল্লাপাড়ার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলে প্রায় ২৫০ জন মৌ চাষী মধু সংগ্রহের জন্য সরিষা মাঠে ছাউনি ও বাওড় ফেলেছে। চাষীদেরকে এখনও প্রায় ১ মাস মধু সংগ্রহের জন্য সরিষা মাঠে অবস্থান করতে হবে। দুর্বৃত্তদের আক্রমনে তারা চরম আতঙ্কের মধ্যে কাজ করছেন। আর এতে মধু সংগ্রহ ব্যহত হচ্ছে। খামারীদের পক্ষ থেকে ইতোমধ্যে উল্লাপাড়া মডেল থানায় এ ব্যাপারে একাধিক জিডি করা হয়েছে।

ভাই ভাই মৌ খামারী মালিক মহিবুর আলম জানান, ৩ দিন আগে ৮/১০ জনের একদল দুর্বৃত্ত তার খামারে ঢুকে নগদ টাকা, ২ কন্টেইনার মধু, ৬টি মোবাইল সেট ও সোলার প্যানেলের ব্যাটারিসহ প্রায় ১ লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়। তিনি যে লক্ষ্য নিয়ে এবার উল্লাপাড়ায় এসেছিলেন তা আর পূর্ণ হবে না। আগামীতে তিনি আর উল্লাপাড়ায় আসবেন না বলে জানান। 

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার সঙ্গে যোগাযোগ করলে পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা মৌ চাষীদের জিডির কথা নিশ্চিত করে জানান, তিনি গত দুই রাত ধরে পুলিশ নিয়ে বিভিন্ন সরিষা মাঠে টহল দিচ্ছেন। মৌ চাষীদের সম্পদের নিরাপত্তা বিধানে পুলিশ সবধরনের সহযোগিতা দেবে। বর্তমানে  দুর্বৃত্তদেরকে আটক করার জন্য খোঁজা হচ্ছে।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৯-০১-২০২০ ০৪:৫৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 543 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com