শিরোনামঃ
নিউজরুম ০৫-১০-২০২০ ১২:৪৮ অপরাহ্ন |
রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (প্রথম রাউন্ড)-২০২০ শুরু হয়েছে। রোববার নগরভবনে মেয়রদপ্তর কক্ষে কয়েকটি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
৪ অক্টোবর থেকে শুরু হয়ে ১৭ অক্টোবর পক্ষকালব্যাপী আয়োজিত এই ক্যাম্পেইনে মহানগরীতে মোট ৬৩ হাজার ৪৭৮ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ১ম রাউন্ডে রাজশাহী মহানগরীতে ৩৮৪টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ১ শ’ ৫৫ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৫ হাজার ৩শ ২৩ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ কার্যক্রম বাস্তবায়ন করতে প্রতিটি কেন্দ্রে ২ জন করে সর্বমোট ৭৬৮ জন স্বাস্থ্যকর্মী নিয়োজিত রাখা হয়েছে।
উদ্বোধনকালে রাসিকের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম সরকার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, মেডিকেল অফিসার ডা. তারিকুল ইসলাম বনি প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে রাজশাহী জেলার নয়টি উপজেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। রোববার সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়। শুরু হওয়া ভিটামিন এ ক্যাম্পেইন চলবে আগামী দুই সপ্তাহ। রাজশাহী জেলার ৯টি উপজেলায় মোট ২ লাখ ৮৮ হাজার ২৪৫ শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী প্রতিটি শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। চলতি মাসের ৪ তারিখ সকাল ৮টা থেকে ১৭ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।
১ হাজার ৭৫৪ টি কেন্দ্রের মাধ্যমে এ কার্যক্রম সম্পন্ন হবে। এরমধ্যে আউটরীচ কেন্দ্র ১ হাজার ৭৪৪টি ও স্থায়ী কেন্দ্র ১০টি। ক্যাম্পেইনে স্বাস্থ্য সহকারী ১৬৮ জন, সিএচসিপি ২২৮ জন, পরিবার কল্যাণ সহকারী ২২৮ জন ও স্বেচ্ছাসেবক ৩ হাজার ৪৮৮ জন।
ক্যাম্পেইন উপলক্ষে ৪ অক্টোবর সকাল ৯টা থেকে ১৭ অক্টোবর পর্যন্ত পর্যায়ক্রমে জেলা কন্ট্রোল রুমে কর্মকর্তাগণ দায়িত্ব পালন করবেন। সেখান থেকে তথ্য আদান প্রদান করা যাবে। রাজশাহী জেলা সিভিল সার্জন বলেন, এবার যেহেতু করোনাকালীন সময় তাই দুই সপ্তাহ ধরে ক্যাম্পেইনের কার্যক্রম চালু থাকবে। করোনা আক্রান্ত পরিবারের কোন শিশুকে ভিটামিন এ খাওয়াতে হলে পরিবারের অন্য সদস্য তাকে কেন্দ্রে নিয়ে এসে খাওয়াতে পারবে। এতে কোন সমস্যা নেই। তিনি আরো বলেন, আজ সকাল আটটা থেকে কার্যক্রম শুরু হয়েছে। করোনাকালীন পরিস্থিতি হওয়ার কারণে আনুষ্ঠানিক কোনো আয়োজন করা হয়নি। আমি নিজেও বিভিন্ন কেন্দ্রে যাচ্ছি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com