ব্যস্ত সময় পার করছেন ভ্রাম্যমাণ মৌচাষিরা
খাইরুল ইসলামঃ কামারখন্দে সরিষা ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মৌচাষিরা। উপজেলার
কয়েকটি গ্রামে সরিষা চাষ বৃদ্ধির সঙ্গে সঙ্গে মৌচাষিরাও ঝুঁকে পড়ছেন মধু
সংগ্রহের দিকে। সরিষা থেকে খাটিঁ মধু সংগ্রহ লাভজনক হওয়ায় এ পেশায় ঝুঁকছেন
তারা।
গোপালগঞ্জ থেকে আসা সুব্রত মজুমদার (৪২), মোঃ ইয়াসিন (৩২), মোঃজুয়েল (৩৮)
নামে ভ্রাম্যমান মৌচাষিরা জানান, প্রায় ১৭ বছর ধরে অন্য কাজের পাশাপাশি মৌসুমী
মৌচাষ করে থাকি। সব খরচ বাদ দিয়ে প্রায় ১ থেকে ২ লাক্ষ টাকা লাভ হয় কিন্তু গত বছর
মধু থেকে তেমন লাভ হয়নি। বেশির ভাগ মৌচাষির লোকসান হয়েছে।
এবার মাত্র শুরু করলাম দেখা যাক কি হয়। তবে আশা করছি এবার লাভ হবে। আমাদের বক্স
রায়দৌলতপুর দক্ষিণে ৬৮টি ও চৌবাড়ি পূর্ব পাড়ায় ৫৯টি বক্সে মৌচাষ করছি।
ইতোমধ্যে ৬৮টি বক্স থেকে গত (শক্রবার) প্রায় ১২০কেজি মধু সংরক্ষণ করেছি।
প্রতিকেজি ২০০-২৫০ টাকা করে বিক্রয় করে থাকি। আর এ মধু সংরক্ষণ চলবে জানুয়ারী
মাসের ১০ তারিখ পর্যন্ত।
উপজেলা কৃষি অফিসের সূত্রে জানা গেছে , কামারখন্দে ১২টি ব্লক রয়েছে তার মধ্যে
রায়দৌলতপুর দক্ষিণ আর চৌবাড়ি এই ২টি ব্লকে মৌচাষ করছেন ভ্রাম্যমাণ
মৌচাষিরা।
আরও জানা যায়, গত বছরের তুলনায় এবার সরিষা চাষের আবাদ বেড়েছে। গত বছর সরিষা
আবাদ হয়েছিলো প্রায় ১০৯০ হেক্টর জমিতে এবার আবাদ হয়েছে প্রায় ১১৭৫ হেক্টর
জমিতে।
কামারখন্দ উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত জানান, এবার সরিষা মান খুব
ভালো হয়েছে আশা করছি সরিষা চাষীরা লাভবান হবেন।
আর সরিষার মান ভালো হওয়ায় মৌচাষিরাও বিপুল পরিমাণে ভালো মধু আহরণ করতে
পারবেন।