শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৮-১২-২০১৯ ১২:৪৩ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন গড়ে ওঠা পলাশ ডাঙ্গা যুব শিবিরের পরিচালক মরহুম মির্জা আব্দুল লতিফের নাম রাজাকারের তালিকায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে সিরাজগঞ্জের তাড়াশে মহাসড়ক অবরোধ ও প্রতিবাদ সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা সংসদ।
বুধবার সকাল সাড়ে দশটার থেকে ১১টা পর্যন্ত প্রায় ৩০ মিনিট উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে মহিষলুটি সড়ক অবরোধ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে পলাশডাঙ্গা যুব শিবিরের সহসর্বাধিনায়ক সাবেক সংসদ সদস্য গাজী ম.ম আমজাদ হোসেন মিলন নেতৃত্ব দেন।
পলাশডাঙ্গা যুব শিবিরের সহ-অধিনায়ক সাবেক এমপি গাজী ম.ম আমজাদ হোসেন মিলন তীব্র ক্ষোভ নিয়ে বক্তব্য বলেন, পলাশডাঙ্গা যুব শিবিরের পরিচালক যদি রাজাকার হয় তাহলে আমরা কি ? তিনি অবিলম্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে রাজাকারের তালিকা থেকে মির্জা আব্দুল লতিফের নাম প্রত্যাহারের দাবি জানান। বক্তারা আরো বলেন,এ তালিকাটিতে লতিফ মির্জার নাম থাকায় পলাশডাঙ্গা যুবশিবিরের প্রায় ৬ থেকে ৭ শতাধিক মুক্তিযোদ্ধাদের মধ্যে তীব্র ক্ষোভ ও ঘৃণার সৃষ্টি হয়েছে। অবিলম্বে নাম প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা।
এ সময় বক্তব্য রাখেন তাড়াশ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী আরশেদুল ইসলাম, গাজী আব্দুর রাজ্জাক, গাজী সাইদুর রহমান। তাছাড়া চলনবিল অঞ্চলের তাড়াশ,রায়গঞ্জ,উল্লাপাড়া, চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, গুরুদাসপুর, সিংড়া উপজেলার মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথি পর্যালোচনা করে প্রথম ধাপে ১০ হাজার ৭৮৯জন রাজাকারের যে তালিকা প্রকাশ করা হয়েছে তার মধ্যে ‘রাজশাহী বিভাগের ক্রমিক নং ৩৪, পূর্বের নথির ক্রমিক নং-৯৬, নথি নম্বর-২৩৪/৭২, রাজাকারের নাম ও ঠিকানায় লেখা রয়েছে ‘পাবনা জেলার চৌহালী ও শাহজাদপুর থানার তাঁত মালিকদের পক্ষ হতে মো. জহুরুল ইসলাম মোল্লা কর্তৃক মির্জা আব্দুল লতিফ ও অ্যাডভোকেট খুরশিদ আলমের বিরুদ্ধে অভিযোগ’। মন্তব্য কলামে লেখা রয়েছে ‘অভিযোগ নথিতে নেই, মুলকপি পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরণ’ উল্লেখ রয়েছে। এ তালিকাটিতে লতিফ মির্জার নাম থাকায় পলাশডাঙ্গা যুবশিবিরের প্রায় ৬ থেকে ৭ শতাধিক মুক্তিযোদ্ধাদের মধ্যে তীব্র ক্ষোভ ও ঘৃণার সৃষ্টি হয়েছে। অবিলম্বে নাম প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com