শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২০-১১-২০১৯ ০৯:৩০ অপরাহ্ন |
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গত বৃহস্পতিবারের ট্রেন দুর্ঘটনার ব্যাপারে গঠিত ৪টি তদন্ত কমিটির মধ্যে দু’টি তদন্ত কমিটির মেয়াদ বাড়ানো হয়েছে। কমিটিগুলোর মধ্যে রেল মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ ফারুকুজ্জামানকে আহ্বায়ক করে গঠিত তদন্ত কমিটির মেয়াদ ৫দিন এবং পশ্চিম রেলের মহা ব্যবস্থাপ মিহির কান্তি গুহ’র গঠিত তদন্ত কমিটির মেয়াদ বেড়েছে ২দিন। এই কমিটি আহ্বায়ক পশ্চিম রেলের চীপ অপারেটিং সুপারিনটেনডেন্ট শহিদুল ইসলাম। এই দুর্ঘটনায় পাকশী বিভাগীয় ব্যবস্থাপক একটি এবং সিরাজগঞ্জ জেলা প্রশাসন আরো একটি তদন্ত কমিটি গঠন করে। রেল মন্ত্রনালয়ের গঠিত তদন্ত কমিটি প্রধান অতিরিক্ত সচিব মোঃ ফারুকুজ্জামান জানান, তাদের কমিটিকে ৫ কর্মদিবস সময় দেওয়া হলেও সদস্যগণ তদন্ত কাজ পুরোপুরি সম্পন্ন করতে পারেননি। এ জন্য তিনি মন্ত্রনালয়ের কাছে আরো ৫দিন সময় চেয়েছেন। এ সময়ের মধ্যে খুঁটি নাটি বিচার বিশ্লেষণ করে কমিটি প্রতিবেদন সম্পন্ন করবে বলে মন্তব্য করেন তিনি। অপরদিকে পশ্চিম রেলের পাকশী বিভাগীয় ব্যবস্থাপকের গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক ডিটিও আব্দুল্লাহ আল মামুন জানান, তার কমিটি বেধে দেওয়া সময় অর্থাৎ বৃহস্পতিবার রাতের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেবেন। ট্রেন দুর্ঘটনায় সিরাজগঞ্জ জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফিরোজ মাহমুদ জানান, বৃহস্পতিবার শেষ হবে বেধে দেওয়া সময়। এইদিন রাত ১২টার মধ্যে তিনি জেলা প্রশাসকের কাছে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেবার প্রত্যাশা ব্যক্ত করেন। উল্লেখ্য গত বৃহস্পতিবার (১৪/১১/১৯) দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী রংপুর এক্সপ্রেস উল্লাপাড়া রেল স্টেশনের আগে লেভেল ক্রসিংয়ের পাশে দুর্ঘটনা কবলিত হয়। ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। ইঞ্জিনের তেলের ট্যাংকি ফেটে লাইনচ্যুত বগিগুলোতে আগুন ধরে যায়। এতে মোট ৫টি বগি ক্ষতিগ্রস্থ হয়। এই দুর্ঘটনায় রেলকর্মীসহ মোট ২৫জন আহত হন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com