উল্লাপাড়ায় লবণ গুজবে কান না দিতে মাইকিং দুই ব্যবসায়ী কে জরিমানা উল্লাপাড়া প্রতিনিধিঃ বুধবার উল্লাপাড়া পৌর বাজারে ভ্রাম্যমান আদালত দুই লবন ব্যবসায়ীকে জরিমানা করেছেন। এরা হলেন, শ্যামল কুমার ও অশোক কুমার। এদের উভয়কে ৫হাজার টাকা করে জরিমানা করা হয়। উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুব হাসান আদালতের নেতৃত্ব দেন।
সহকারী কমিশনার (ভূমি) জানান, নিধার্রিত দরের চাইতে বাজারে এই দুই লবন ব্যবসায়ী বেশি দামে লবন বিক্রি করছিলেন। আর এ কারণে এদেরকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বাজারে লবন পাওয়া যাবে না মর্মে গুজব ছড়িয়ে পড়লে সাধারন লোকজন আতংকিত হন। তারা লবনের দোকানগুলোতে ভিড় জমিয়ে প্রয়োজনের অতিরিক্ত লবন কিনতে শুরু করেন। আর এই সুযোগে ব্যবসায়ীরা লবনের দাম বাড়িয়ে দেয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে এখানে বিকেলে লবনের দাম স্বাভাবিক হয়ে যায়। বুধবার উল্লাপাড়া উপজেলা বাজার বণিক সমিতি পৌর শহর সহ বিভিন্ন এলাকায় মাইকিং করে জনসাধারনকে গুজবে কান দিয়ে শংকিত না হবার আহ্বান জানান। মাইকের ওই প্রচারে বাজারে পযার্প্ত লবন রয়েছে মর্মেও ঘোষনা দেওয়া হয়।