শিরোনামঃ
ডেস্ক রিপোর্টঃ ১৪-১০-২০১৯ ০৮:২৬ অপরাহ্ন |
এ সময়ের নাটকের ব্যস্ত অভিনেত্রী তানজিন তিশা। গত কোরবানির ঈদের পর প্রায় দুই মাস অভিনয় থেকে বিরতিতে ছিলেন।
এখন আবারও টিভি এবং অনলাইনভিত্তিক নাটকে নিয়মিত অভিনয় করছেন। নতুন কাজের পরিকল্পনাও সাজাচ্ছেন। অভিনয় এবং অন্যান্য প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি
* ঈদের পর অনেকদিন অভিনয়ে ছিলেন না, কেন?
** পরপর দুটি ঈদের নাটকে বিরতিহীনভাবে কাজের ব্যস্ততার কারণে নিজেকে এবং পরিবারকে সেভাবে সময় দেয়া হয়নি। তাই আম্মুকে নিয়ে দেশের বাইরে গিয়েছিলাম। এছাড়া দেশে ফিরেও কক্সবাজার, সিলেটসহ কয়েক জায়গায় গিয়েছি।
** দুর্গাপূজার নাটকের মাধ্যমেই ফিরেছি। পূজা উপলক্ষে টেলিভিশনে তিনটি এবং অনলাইনের একটি নাটকে অভিনয় করেছি। সম্প্রতি সঞ্জয় সমদ্দারের পরিচালনায় ‘পলিটিক্স’ নামের একটি টেলিফিল্মে অভিনয় করেছি। এতে আমার সহশিল্পী ছিলেন অপূর্ব ভাইয়া।
* অভিনয় নিয়ে টার্গেট কী?
** নিজেকে একজন প্রতিষ্ঠিত অভিনয়শিল্পী হিসেবে দেখতে চাই। গত দুই বছর ধরেই সিরিয়াসলি অভিনয়টা করে যাচ্ছি। এই অল্প সময়ের মধ্যেই দর্শকের কাছ থেকে দারুণ সাড়া পেয়ে আসছি। অনেক স্বীকৃতিও পেয়েছি কাজের জন্য। আমি একজন অভিনেত্রী হওয়ার চেষ্টা করছি।
* অভিনয়ে কাকে অনুসরণ করছেন?
** আমি আসলে কারও নাম বলতে চাই না। তবে আমার সিনিয়র থেকে শুরু করে সমসাময়িক অনেকের ভালো অভিনয় থেকে শিক্ষা নেয়ার চেষ্টা করছি।
* ধারাবাহিক নাটকে অভিনয় করছেন না কেন?
** ইচ্ছা আছে। তবে সময় স্বল্পতার কারণে এ মাধ্যমে কাজ করা হচ্ছে না। এক খণ্ডের নাটকে কম সময়ে নাটক শেষ করা হয়। ভালো গল্প এবং ভালো ইউনিট পেলে অবশ্যই ধারাবাহিকে অভিনয় করব। কিন্তু সেটি আবার নিয়মিত নয়।
* সিনেমায় অভিনয়ের পরিকল্পনা কী?
** যখন মডেলিং শুরু করি তখন থেকেই সিনেমায় অভিনয়ের কথা শুনছি। বিশেষ করে ছোট পর্দায় আসার আগেই সিনেমায় অভিনয়ের ইচ্ছা ছিল। এখন কিন্তু নিয়মিত সিনেমায় অভিনয়ের প্রস্তাব পাচ্ছি। তবে ছোট পর্দায় আমার কাজ নিয়ে আমি সন্তুষ্ট। তারপরও যদি খুব ভালো প্রজেক্টের প্রস্তাব আসে। তাহলে এ মাধ্যমে কাজে যুক্ত হব।
* আপনার প্রেম ও বিয়ের গুঞ্জন শোনা গেছে। এ বিষয়টি কী সত্যি?
** এ বিষয়গুলো আমার মাথাতেই নেই। খবরগুলো সত্য নয়। আমার সঙ্গে কথা না বলে কিছু অনলাইন গণমাধ্যম এই বিষয়ে খবর পরিবেশন করেছিল। এখনই বিয়ে করার পরিকল্পনা নেই। আমার বাবা-মা কিংবা আত্মীয়স্বজনরাও বিয়ের বিষয়ে তাগাদা দিচ্ছেন না। তারা দেখছেন যে অভিনয় ক্যারিয়ার নিয়ে আমি অনেক ব্যস্ত আছি। আল্লাহ যখন চাবে, তখনই বিয়ে হবে বলে আমি মনে করি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com