শিরোনামঃ
নিউজরুম ০৪-০৮-২০২০ ০৭:৩৮ অপরাহ্ন |
উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার শঙ্কায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। এদিকে কয়েক দিনের অস্বস্তিকর গরমের পর মঙ্গলবার সকালে ঢাকার আকাশ কালো করে মাঝারি ধরনের বর্ষণ হয়ে গেছে এক দফা।
ভরা বর্ষার এই সময়েও গত কয়েক দিন বৃষ্টি হয়নি খুব একটা। ঢাকা, খুলনাসহ অনেক জায়গায় বয়ে যাচ্ছিল মৃদু তাপপ্রবাহ। এরইমধ্যে সাগরে লঘুচাপ থাকায় বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ায় ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা হয় দেশবাসীর।
সোমবার যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ওঠে ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
তবে মঙ্গলবার দেশের কিছু জায়গায় যে বৃষ্টি হতে পারে, সে পূর্বাভাস সোমবারই দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার বিশেষ বুলেটিনে বলা হয়, লঘুচাপ আর মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
সেজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অফিস।
ভ্যাপসা গরমের মধ্যে রাজধানীতে মঙ্গলবার সকাল থেকেই মেঘলা ছিল আকাশ। বেলা ১১টার দিকে ঢাকার বেশিরভাগ এলাকায় শুরু হয় বর্ষণ। তবে আধা ঘণ্টার মধ্যে বৃষ্টি কমে যায়।
জ্যেষ্ঠ আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, “লঘুচাপের প্রভাবে দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে। সুস্পষ্ট লঘুচাপও হতে পারে এটি। সেজন্য কয়েক দিন বৃষ্টিও বাড়বে। তবে উজানে বৃষ্টির প্রবণতা কমে এসেছে।”
মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সন্দ্বীপ, সীতাকুণ্ড, রাঙ্গামাটি, ফেনী, চাঁদপুর, মাইজদীকোর্ট অঞ্চলসহ রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে বয়ে চলা মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com