মাঠে ফিরেছেন তারা, ভাবনায় বিপ টেস্ট
০৩ মে, ২০২৬ ০১:১৭ পূর্বাহ্ন

  

মাঠে ফিরেছেন তারা, ভাবনায় বিপ টেস্ট

ডেস্ক রিপোর্টঃ
২৭-০৯-২০১৯ ০১:৪২ পূর্বাহ্ন
মাঠে ফিরেছেন তারা, ভাবনায় বিপ টেস্ট

বাংলাদেশ দলের হয়ে একটি টেস্ট খেলা নাজমুল ইসলাম অপুকে বিষণ্ণ মনে হলো মিরপুর একাডেমি মাঠে।

 

 

ত্রিদেশীয় সিরিজের আগে বাংলাদেশ সবশেষ যেবার টি-টোয়েন্টি খেলেছিল, সেবার দলের সঙ্গে ছিলেন বাঁহাতি স্পিনার অপু। এরপর অভিষেক হলো টেস্ট ক্রিকেটে।

কিন্তু জাতীয় দলের স্কোয়াডে এখন কেন তার জায়গা নেই, সেই উত্তর নেই তার কাছে! বিশেষ করে টি-টোয়েন্টি দলে তার না থাকাটা বিস্ময়কর!

সব ভুলে এখন সামনে তাকিয়ে অপু। বাঁহাতি স্পিনারের চোখ জাতীয় ক্রিকেট লিগে। শুধু অপুই নয়, জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা এখন মৌসুম শুরুর অপেক্ষায়।

জাতীয় ক্রিকেট লিগ শুরু হচ্ছে ৫ অক্টোবর। একাডেমি মাঠে ব্যস্ততা বেড়েছে ক্রিকেটারদের। বৃহস্পতিবার একাডেমি মাঠে নাদিফ চৌধুরী, রকিবুল হাসান, মার্শাল আইয়ুব, শুভাগত হোম, আশরাফুল ও মোশাররফ হোসেন রুবেলদের দেখা গেছে। বিভাগীয় দলগুলো প্রস্তুতি শুরু করেছে অনেক আগ থেকে। ঢাকায় মাঠের সমস্যা নতুন নয়। একাডেমি মাঠ ক্রিকেটারদের একমাত্র ভরসা।

 

জাতীয় দলের খেলা থাকায় চাইলেই যখন তখন মাঠ ব্যবহারের অনুমতি মেলে না। তাই ঢাকা বিভাগ ও ঢাকা মেট্রোর ক্রিকেটারদের একাডেমি মাঠে আনাগোনা শুরু হয়েছে। ইনডোর ব্যবহারের অনুমতি মিলেছে তাদের। অনুমতি মিলেছে একাডেমি মাঠ ব্যবহারের। সেখানেই চলছে তাদের ফেরার প্রস্তুতি। তবে মাঠে ফিরলেও তাদের ভাবনা জুড়ে এখন বিপ টেস্ট।

১ অক্টোবর থেকে নেওয়া হবে ক্রিকেটারদের বিপ টেস্ট। নির্বাচকরা বিপ টেস্টের পাস নম্বর রেখেছেন ১১। গত আসরে যেটা ছিল ৯। বিপ টেস্টে পাশ করলেই ক্রিকেটারদের মিলবে জাতীয় লিগে খেলার অনুমতি। নতুন এ নিয়মে দল পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন একাধিক ক্রিকেটার।

অনুশীলন শুরু করা আশরাফুল গণমাধ্যমে আজ বলেছেন, ‘বিপ টেস্টে ১১ তুলতে হলে নিয়মিত অনুশীলন করতে হয়। যারা জাতীয় দল কিংবা এইচপিতে আছে, তারা এটা অনায়াসে করে ফেলে। আমরা যারা বাইরে আছি তাদের জন্য একা একা অনুশীলন করা কষ্টকর।’

‘আমাদের অফ সিজনে অনুশীলনের সুযোগও থাকে না। আমি বলছি না এটা ভালো সিদ্ধান্ত নয়। আমাদেরকে নিয়ে যদি ১৫ দিনের একটা ক্যাম্প করানো হতো, তখন বিপ টেস্ট কিছুই মনে হতো না। গতবার আমার নিজের বিপ টেস্ট রেজাল্ট ছিল ১১.৪।’

 

‘অনুশীলন করার জায়গাটা তো দরকার। বৃষ্টি থাকে বেশিরভাগ সময়। ওই সময় ইনডোর বলেন বা অনুশীলন করার একটা জায়গা দরকার। এই জায়গা পাওয়া যায় খুব কম’- যোগ করেন আশরাফুল।

নিজেদের উন্নতির জন্য এ সময়টাকে যথেষ্ট মনে করছেন না শুভাগত হোম। জাতীয় দলের হয়ে আটটি টেস্ট খেলা এই অফ স্পিন অলরাউন্ডার বলেছেন, ‘আমাদের জন্য এটা একটু কষ্টকর, আমরা যারা জাতীয় দলের বাইরে আছি তারা ক্যাম্প করতে পারছি না। শেষ মুহূর্তে জাতীয় লিগ শুরুর আগে ৫-৭ দিনের একটা কন্ডিশনিং ক্যাম্প হয়, এটা দিয়ে উন্নতি করা সম্ভব হয় না। চেষ্টা করে যাই তবুও। খেলতে তো হবেই।’


ডেস্ক রিপোর্টঃ ২৭-০৯-২০১৯ ০১:৪২ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 238 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com