ভাবমূর্তি পরিপূর্ণ উজ্জ্বল না হওয়া পর্যন্ত অভিযান: কাদের
০৯ নভেম্বর, ২০২৬ ১২:৪৬ পূর্বাহ্ন

  

ভাবমূর্তি পরিপূর্ণ উজ্জ্বল না হওয়া পর্যন্ত অভিযান: কাদের

ডেস্ক রিপোর্টঃ
২৭-০৯-২০১৯ ০১:৩৭ পূর্বাহ্ন
ভাবমূর্তি পরিপূর্ণ উজ্জ্বল না হওয়া পর্যন্ত অভিযান: কাদের

আওয়ামী লীগ নিজেদের ঘর থেকে শুদ্ধি অভিযান শুরু করেছে এবং ভাবমূর্তি পরিপূর্ণ উজ্জ্বল না হওয়া পর্যন্ত অব্যাহত থাকার কথা জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 

 

তিনি বলেন, ‘‘যে শুদ্ধি অভিযান শুরু হয়েছে, তা শুধু ঢাকায় সীমাবন্ধ নয়। দেশের যেখানে টেন্ডারবাজ, যেখানে চাঁদাবাজ, যেখানে মাদক কারবারি, সেখানেই শেখ হাসিনার অ্যাকশন চলবে। যতদিন না জনগণের মধ্যে আওয়ামী লীগের ভাবমুর্তি পরিপূর্ণ উজ্জ্বল করতে পারবো, ততদিন এই অভিযান অব্যাহত ভাবে চলবে।’’

বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে আয়োজিত এক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দলের জাতীয় পরিষদ সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আ. ন. ম শফিকুল হক স্মরণে শোকসভার আয়োজন করে জেলা ও মহানগর আওয়ামী লীগ।

আওয়ামী লীগের নিজের দলের মধ্যে শুদ্ধি অভিযান দেখে বিএনপি সহ্য করতে পারছে না বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘‘বিএনপি দুর্নীতিবাজ দল, তারা সন্ত্রাসীর দল। তারা দুর্নীতি করেছে, হাওয়া ভবন করেছে, লুটপাট করেছে, ক্যাসিনো সৃষ্টি করেছে।’’

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, ‘‘বঙ্গবন্ধু আইন করে জুয়া বন্ধ করেছিলেন। কিন্তু বিএনপি দেশে জুয়া শুরু করেছে, অপসংস্কৃতির জন্মদাতা হচ্ছেন তারা। কাজেই শেখ হাসিনা যখন দলের মধ্য থেকে শুদ্ধি অভিযান শুরু করেছেন, তখন বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। তারা বেসামাল হয়ে গেছে।’’ 

তিনি বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র, সুশাসন বজায় রাখতে শেখ হাসিনাকে সমর্থনের বিকল্প নেই। তিনি এও বলেন, ‘‘আমরা ভুলত্রুটি সংশোধন করছি। অতীত থেকে শিক্ষা নিয়েছি। দলের মধ্য থেকে শুদ্ধি অভিযান শুরু করেছি।’’ 

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যাপক রফিকুর রহমান, সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা হক প্রমুখ।

এর আগে দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান ওবায়দুল কাদের। পরে তিনি হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন।


ডেস্ক রিপোর্টঃ ২৭-০৯-২০১৯ ০১:৩৭ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 203 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com