এনায়েতপুরের রুপসী নবজাগরণ সংঘের কমিটি গঠন
জহুরুল ইসলাম:
আর্তমানবতার কল্যাণে কাজ করার প্রত্যায় নিয়ে সিরাজগঞ্জের এনায়েতপুরে রুপসী নবজাগরণ সংঘের কমিটি গঠন করা হয়েছে। স্থানীয়দের মতামতের ভিত্তিতে বিশিষ্ট সমাজ সেবক আব্দুল্লাহ্ আল মামুনকে সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম রাসেলকে সাধারন সম্পাদক ও প্রবাসী শান্তা ভূইয়াকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ জন কার্যকরী সদস্য ও ১৪ জন উপদেষ্টা সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। রোববার সকালে গনমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, যমুনার ভাঙন কবলিত এনায়েতপুর থানার শিক্ষক, চিকিৎসক, নাট্য ও চলচিত্র নির্মাতা, ব্যবসায়ী, প্রবাসী, শিক্ষার্থী সহ বিভিন্ন পেশাজীবিদের সমন্বয়ে রুপসী নবজাগরণ সংঘটি প্রতিষ্ঠিত হয়। এই সংঘ একটি অরাজনৈতিক ও সমাজ উন্নয়নমূলক সংগঠন। এলাকার গরীব, দুস্থ, অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণ সহ সমাজের সার্বিক উন্নয়নে সকলে মিলে কাজ করার লক্ষে এই সংঘটি গড়ে তোলা হয়েছে। সংঘের সকল সদস্যদের ব্যক্তিগত ও অন্যান্যদের সহযোগিতায় সেবা মূলক কর্মকান্ড সম্পাদনের পাশাপাশি ভবিষ্যতে এলাকার রাস্তা-ঘাট, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করবে এই সংঘ। এবিষয়ে রুপসী নবজাগরণ সংঘের সাধারন সম্পাদক রেজাউল করিম রাসেল জানান, সংঘের উদ্যোগে মাদক, সন্ত্রাস, বাল্য বিয়ে ও যৌতুক বিরোধেী সভা, দুস্থদের মধ্যে খাবার, বস্ত্র ও ত্রাণ সামগ্রী, বৃক্ষ রোপন, বিনামুল্যে শিক্ষা উপকরণ, চিকিৎসা সেবা ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেয়ার মত গুরুত্বপূর্ন কার্যক্রম পরিচালনার আশা রয়েছে।