শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৮-০৯-২০১৯ ০১:৪৮ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভুয়া এএসপি ও তার ভাই কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা উপজেলার শ্যামপুর খোদ্দগজাইলের কছিম উদ্দিনের ছেলে সিদ্দিকুর রহমান ও তার বড় ভাই সাইফুল ইসলাম। শনিবার রাতে উল্লাপাড়া কাঁচাবাজার এলাকায় প্রতারণা করে টাকা নেওয়ার সময় (ভুয়া এএসপি) সিদ্দিকুরকে পুলিশ গ্রেফতার করে। পরে গ্রেফতার করা হয় তার বড় ভাইকে।
সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পরিচয়ে সেনাবাহিনীতে চাকরি দেয়া নাম করে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।
উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, সিদ্দিকুর রহমান নিজেকে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় সেনাবাহিনীতে চাকরি দেয়ার নাম করে টাকাপয়সা হাতিয়ে নিচ্ছিলেন। আর এ কাজে তার বড় ভাই সাইফুল ইসলাম তাকে সহযোগিতা করে আসছিলেন। সপ্তাহ খানেক আগে উল্লাপাড়ার তেলিপাড়া গ্রামের জাল মাহমুদের ছেলে ফিরোজ হোসেনের কাছ থেকে সিদ্দিক সেনাবাহিনীতে চাকরি দেবার নাম করে প্রথম কিস্তিতে ১ লাখ টাকা নেন। দ্বিতীয় কিস্তিতে আরও ১ লাখ টাকা দেয়ার কথা ছিল শনিবার রাতে। ফিরোজ হোসেন বিষয়টি যথাসময়ে পুলিশকে অবহিত করলে শনিবার টাকা লেনদেনের সময় পুলিশ সিদ্দিকুর রহমানকে হাতেনাতে গ্রেফতার করে। পরে ওই রাতেই সিদ্দিকুরের বড় ভাই সাইফুল ইসলামকে গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com