শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৭-০৮-২০১৯ ১০:৪০ পূর্বাহ্ন |
আশরাফুল ইসলাম রনি :
ঈদের ঠিক আগ মুহূর্তে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে চলছে জোড়াতালির সংস্কার কাজ। ব্যস্ত এই সময়ে রাস্তার এক লেন বন্ধ করে সংস্কার কাজ করায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রী।
মঙ্গলবার সকাল থেকে হাটিকুমরুলড়পনাপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার মহাসড়কের খালখুলা থেকে মান্নানগর পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সকাল থেকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে রয়েছে শতশত যানবাহন।
ঢাকা থেকে রাজশাহীগামী ন্যাশনাল ট্রাভেলসের যাত্রী আকরাম হোসেনসহ অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, ৪/৫ ঘণ্টা ধরে যানজটের কবলে পড়েছি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তারুজ্জামান জানান, মহাসড়কে সংস্কার কাজ চলছে এ কারণে একটি লেন বন্ধ রয়েছে। ফলে সকাল থেকেই মান্নান নগর, মহিষলুটি, খালকুলা এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। তবে পুলিশ যানজট নিরসনে কাজ করছে।
সিরাজগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আনোয়ার পারভেজ জানান, রাজশাহী রুটের হাটিকুমরুল গোলচত্বর থেকে খালকুলা পর্যন্ত অংশ গত ঈদের আগেই সংস্কার করা হয়েছিল। খালকুলার পর থেকে কাছিকাটা পর্যন্ত ৯ কিলোমিটার রাস্তার বেশ কয়েকটি পয়েন্টে বড় বড় খানা-খন্দ রয়েছে। সেগুলো জরুরি ভিত্তিতে সংস্কার করা হচ্ছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com