শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ০৬-০৮-২০১৯ ০৭:০৭ অপরাহ্ন |
সোহাগ হাসান জয়,সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের প্রায় ২১ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঈদ ঘরমুখো যাত্রী চরম দূর্ভোগের শিকার হচ্ছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ শহীদ আলম জানান, সোমবার মধ্যেরাত থেকে ওই মহাসড়কের ঝাঐল ওভারব্রিজ থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত এই যানজট শুরু হয়েছে। এ কারণে মুলিবাড়ী বাইপাস ও নলকা বাইপাস দিয়ে সিরাজগঞ্জ শহর হয়ে ঢাকা উত্তরবঙ্গের অনেক দূরপাল্লার বাসসহ অনান্য যানবাহন এই পথ দিয়ে চলাচল করছে। কয়েকদিন ধরে সন্ধ্যার পর থেকেই এ মহাসড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। গভীর রাতে এই যানজটের তীব্রতা আরো বেড়ে যায়। হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট আমিনুল জানান, সোমবার রাতে মহাসড়কে গাড়ির খুব চাপ থাকায় কখনো ধীরগতি আবার কখনো থেমে থেমে যানজট হচ্ছে। হাটিকুমরুল গোলচত্বর থেকে নলকা সেতু হয়ে ঝাঐল ওভারব্রিজ ও হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নান নগর পর্যন্ত এই ২১ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। মঙ্গলবার বিকেল পর্যন্ত এই যানজট কিছুটা হ্রাস পেলেও সন্ধ্যার পর থেকে এই যানজট আরো বেড়ে যাওয়ার আশংকা করা হচ্ছে। এ যানজট নিরসনে পুলিশ সদস্যরা দিনরাত কাজ করছেন। মান্নান নগরসহ কয়েকটি স্থানে সড়কে মেরামতের কাজ চলায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে ২/১ দিনের মধ্যে এমন অবস্থা থাকবেনা বলে ওই দুই পুলিশ কর্মকর্তা জানান।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com