উল্লাপাড়ায় সরকারি ক্রয় কেন্দ্রের প্রত্যন্ত গ্রামে গিয়ে কৃষকদের নিকট থেকে ধান ক্রয় শুরু উল্লাপাড়া প্রতিনিধিঃ মঙ্গলবার উল্লাপাড়ার প্রত্যন্ত গ্রামের হাটে সরাসরি কৃষকদের নিকট থেকে ধান ক্রয় শুরু করা হয়। উপজেলা সরকারি ধান ক্রয় কমিটির সভাপতি ও ইউএনও মোঃ আরিফুজ্জামান এর নেতৃত্বে ক্রয় কমিটি প্রথম দিন গয়হাট্টা হাটে মোট ৬০ জন কৃষকের নিকট থেকে ১০৪০ টাকা মন দরে ১২৫০ মন ধান কিনেছেন। স্বাধীনতা পরবর্তীকালে কৃষকদের স্বার্থ সংরক্ষণে সরকারি ধান ক্রয় কেন্দ্রের গ্রামের হাটে গিয়ে ধান ক্রয় কার্যক্রম এবারই প্রথম। ক্রয় কার্যক্রমে আরো অংশ নিয়েছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিয়ামুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান ভুইয়া ও পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-আমিন হোসেন।
গয়হাট্টা হাটে ধান বিক্রি করতে আসা কৃষক আব্দুল মান্নান, জালাল উদ্দিন ও আব্দুল কুদ্দুস জানান, ৩দিন আগেও তারা এই হাটে ধান ব্যবসায়ী ও ফড়িয়াদের কাছে ৫৫০ টাকা মন দরে ধান বিক্রি করেছেন। অথচ আজ মঙ্গলবার সরকারি ক্রয় কেন্দ্রের কাছে তারা ১০৪০ টাকা মন দরে ধান বিক্রি করার সুযোগ পেলেন। এতে তারা খুব খুশি। এমন সুযোগ এর আগে তারা কখনো পাননি বলে জানান কৃষকেরা।
উল্লাপাড়ার ইউএনও মোঃ আরিফুজ্জামান জানান, মধ্যসত্ত্বভোগী ও ব্যবসায়ীদের দৌড়াত্বের হাত থেকে কৃষকদেরকে বাঁচানো এবং তাদের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য প্রদান নিশ্চিত করার লক্ষ্যে এ বছর প্রথমবারের মত সরকারি ক্রয় কেন্দ্র থেকে উপজেলার বিভিন্ন প্রত্যন্ত গ্রামের হাটে গিয়ে ধান শুরু করা হয়েছে। প্রয়োজনে কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে ধান ক্রয় করা হবে। আগামী ২ দিন সলপ ও পঞ্চক্রোশী ইউনিয়নের হাট গুলোতে ধান ক্রয়ের কর্মসূচি রয়েছে বলে জানান ইউএনও। উল্লেখ্য, গত রোববার উল্লাপাড়ায় চলতি বোরো মৌসুমে ধান ক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিয়ামুল হক জানান, এ বছর এখানে ১ হাজার ২৭ মেট্রিকটন ধান ক্রয়ের লক্ষ্য মাত্রা নির্ধারিত রয়েছে।