শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ৩০-০৪-২০১৯ ০৬:৪৩ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ শেষ পর্যন্ত সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান পদে স্থগিত হওয়া নির্বাচন আর হচ্ছে না। সুপ্রীম কোর্টের অ্যাপিলেট বিভাগের সিদ্ধান্তের প্রেক্ষিতে নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী রিবলী ইসলাম কবিতা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিবার্চিত হতে যাচ্ছেন। আগামী ৫ মে স্থগিত হওয়া এই নিবার্চন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর আগে এই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন উল্লাপাড়ার সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শফি (চেয়ারম্যান) ও মনিরুজ্জামান পান্না (ভাইস চেয়ারম্যান)। এই উপজেলা পরিষদে প্রথম ধাপে নিবার্চনের তারিখ ছিল ১০ মার্চ।
উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায় জানান, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান পদে দুথজন মনোনয়নপত্র জমা দেন। এরা হলেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিবলী ইসলাম কবিতা ও সলপ ইউপি সদস্য সুমাইয়া পারভীন। কিন্তু যাচাই-বাছাই পর্বে সুমাইয়া পারভীনের মনোনয়নপত্র বাতিল হয়।
এরপর সুমাইয়া পারভীন হাইকোর্টে রিট করলে আদালত সুমাইয়ার প্রার্থীতা বৈধ ঘোষনা করেন। পরে অপর প্রার্থী রিবলী ইসলাম ০৮ মার্চ, ২০১৯ তারিখে আবার হাইকোর্টে আপিল করলে কোর্ট ২২ এপ্রিল, ২০১৯ তারিখ পর্যন্ত নির্বাচন স্থগিত ঘোষনা করেন।
নির্বাচন কর্মকর্তা আরো জানান, ২১ এপ্রিল হাইকোর্টে আপিলের শুনানী অনুষ্ঠিত হয়। এতে সুমাইয়ার প্রার্থিতা বহাল রাখার সিদ্ধান্ত হয়। হাইকোর্টে এই সিদ্ধান্তের প্রেক্ষিতে নির্বাচন কমিশন আগামী ৫ মে তারিখ স্থগিতকৃত নির্বাচন অনুষ্ঠানের দিন ধার্য করে চিঠি পাঠায়। এরপর রিবলী ইসলাম কবিতা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আবারও সুপ্রীম কোর্টে আপিল করেন। এই আপিলের প্রেক্ষিতে ৩০ এপ্রিল সুপ্রীম কোর্টের অ্যাপিলেট বিভাগ উল্লাপাড়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান পদের অপর প্রার্থী সুমাইয়া পারভীনের প্রার্থীতা অবৈধ ঘোষনা করেন এবং এ সংক্রান্ত একটি চিঠি ই-মেইলে (৩০ এপ্রিল) উল্লাপাড়া উপজেলা নিবার্চন অফিসে পাঠানো হয়। বস্তুতঃ অ্যাপিলেট বিভাগের এই সিদ্ধান্তের প্রেক্ষিতে এখন একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নারী ভাইস চেয়ারম্যান নিবার্চিত হচ্ছেন রিবলী ইসলাম কবিতা বলে জানান নিবার্চন কর্মকর্তা।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com