শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৭-০৩-২০১৯ ০৭:১৬ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশে কতিপয় প্রভাবশালী কর্তৃক বস্তুল ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ কাজে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে।
গতকাল বৃহস্পতিবার বস্তুল গ্রামের মৃত মফিজ আলমাদানির ছেলে ওয়াদুদ আলী হাজী, হাজী চাঁদ আলীর ছেলে রফিকুল ইসলাম সহ ৪-৫ জন প্রভাবশালী ভূমি অফিসের জায়গা নিজেদের দাবী করে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার পাশাপাশি ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মুস্তাগীর কবির কে দেখে নেওয়ার হুমকি দেন।
এদিকে ভূমি অফিসের জায়গায় ভবন নির্মাণের দাবিতে ৫ শতাধিক এলাকাবাসী প্রভাবশালীদের বিরুদ্ধে বস্তুল বাজারে বিক্ষোভ করেছে।
জানা গেছে, ১৯৬৯ সালে উপজেলার বারুহাঁস ইউনিয়নের বস্তুল ভূমি অফিসের জন্য বস্তুল গ্রামের প্রয়াত মধু সরদার, রমনী সরদার, যাদু সরদার ও চন্দ্র সরদার নামের চার হিতৈষী ব্যক্তি ইউনিয়ন ভূমি অফিস প্রতিষ্ঠার জন্য ৪৯৭০ নং দলিল মূলে ২৯ শতাংশ জমি নিবন্ধন করে দেন।
পরবর্তীতে ১৯৮০ সালে আর,এস রেকর্ডে বাংলাদেশ সরকারের পক্ষে ডেপুটি কমিশনার সিরাজগঞ্জের নামে চুড়ান্তভাবে রেকর্ডভুক্ত করা হয়। যার হাল দাগ নং ১১৭৫ বস্তুল তফশিল অফিস খতিয়ান নং ১ ভূমির পরিমাণ ২৯ শতাংশ।
এদিকে ২০১৭-১৮ অর্থ বছরে বস্তুল ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণের জন্য সরকারীভাবে ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়ে দরপত্র আহ্বান করা হয়। এতে মীম কনস্ট্রাকসন নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান কার্যাদেশ পায়। তারা ভূমি অফিসের নির্ধারিত সরকারী জায়গায় নিমার্ণ কাজ করছিল। কিন্ত ওই গ্রামের প্রভাবশালী মৃত মফিজ আলমাদানির ছেলে ওয়াদুদ আলী হাজী, হাজী চাঁদ আলীর ছেলে রফিকুল ইসলাম সহ ৪-৫ জন তারা জায়গাটি ২০ শতাংশ নিজেদের দাবী করেন এবং নির্মাণ কাজে বাঁধা দেন। এ সময় ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মুস্তাগীর কবির তাদের কে সরকারী কাজে বাঁধা না দেওয়ার কথা বলেন। এসময় তারা ওই ভূমি কর্মকর্তাকে অশ্লীল গালাগাল করে দেখে নেওয়ার হুমকি দেন বলে মুস্তাগীর কবির অভিযোগ করেন।
এদিকে ভূমি অফিসের জায়গায় ভবন নির্মাণের দাবি ও নিমার্ণকাজে বাঁধাদানকারী প্রভাবশালীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবীতে বৃহস্পতিবার দুপুরে ৫ শতাধিক এলাকাবাসী ওই প্রভাবশালীদের বিরুদ্ধে বস্তুল বাজারে বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীদের মধ্যে এলাকার মহশীন আলী, রফিকুল ইসলাম, ইউপি সদস্য ফরিদুল ইসলাম , আতাউর রহমান , আব্দুল হান্নান বলেন , যারা ভূমি অফিসের জায়গা নিজেদের বলে দাবী করছেন তারা আসলে ভূমি দস্যু । সরকারী জায়গায় সরকারী ভবন নির্মাণের জন্য তারা দাবী জানান।
এ প্রসঙ্গে ইউনিয়ন ভূমি অফিসের জায়গার দাবীদার ওয়াদুদ হাজী স্থানীয় সাংবাদিকদের বলেন, এ জায়গা আমাদের যার কাগজপত্রাদি আছে।
তাড়াশ ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) অতিরিক্ত দায়িত্বে থাকা ইফ্ফাত জাহান জেলায় জরুরী সভায় থাকায় তার মোবাইল ফোনে একাধিকবার কল করারর পর তা রিসিভি না হওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com