শিরোনামঃ
নিউজরুম ১৯-০২-২০১৯ ০২:২৬ অপরাহ্ন |
শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধিঃ শ্রীবরদী উপজেলার পাহাড়ি অঞ্চলের ৩টি গ্রামে বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। বিশুদ্ধ পানির ব্যবস্থা না থাকায় তাদের নির্ভর করতে হচ্ছে পুকুর, নালা, ডোবা ও কুয়ার পানির ওপর। আর দূষিত এই পানি পান করার ফলে ওই এলাকার লোকজনের লেগেই থাকে রোগ-বালাই। পানিবাহিত রোগের আশংকাও করছে অনেকেই। তবে এ ব্যাপারে স্থায়ী কোনও উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শ্রীবরদী উপজেলার সীমান্ত ঘেঁষা রাণীশিমূল ইউনিয়নের হালুয়াহাটী, মালাকোচা ও রাণীশিমূল এই ৩টি গ্রামে প্রায় আট-নয়শ পরিবার বসবাস করে। এসব এলাকার লোকজনের সারা বছরই কাটে বিশুদ্ধ পানির সংকটে। তাই তাদের নির্ভর করতে হয় পুকুর, নালা ও কুয়ার কর্দমাযুক্ত পানির ওপর। রাণীশিমূল ইউনিয়ন চেয়ারম্যান মাসুদ রানা জানান, এসব এলাকায় শুকনো মৌসুমে তিন-চার মাস টিউবওয়েল গুলোতে পানির লেয়ার নিচে যাওয়ায় বিশুদ্ধ পানির সমস্যা প্রকট আকার ধারণ করে। এলাকাবাসীর আর্থিক অবস্থা ভালো না হওয়ায় সাব-মারসিবল বা ডিপ টিউভওয়েল বসানোও সম্ভব হয়না। উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম জুয়েলের আপ্রাণ চেষ্টা এবং ইউপি চেয়ারম্যান মাসুদ রানা উপজেলার মাসিক সমন্বয় সভায় ইউএনওর কাছে জোড়ালোভাবে পানির সমস্যার বিষয়টি উত্থাপন করলে ইউএনও সেঁজুতি ধর তাৎক্ষনিকভাবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে আপাতত ওই গ্রামগুলোতে বিশুদ্ধ খাবার পানি সমস্যা লাগবের জন্য দুটি ডিপ টিউভয়েল বসানোর জন্য নির্দেশ দেন।
শ্রীবরদী (শেরপুর): রাণীশিমূল ইউনিয়নের হালুয়াহাটী গ্রামের এক নারী কুয়া থেকে খাবার পানি সংগ্রহ করছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com